অনেক আশা করে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গিয়েছিলেন শতাধিক নেতানেত্রী। কেউ কেউ চার্টার্ড বিমানে দিল্লি গিয়ে অমিত শাহের হাত থেকে পতাকা নিয়েছিলেন। প্রার্থী হয়েছিলেন ৫০ জনের কাছাকাছি। তাদের প্রায় সবাই হেরেছেন। জিতেছেন মাত্র এক জন প্রার্থী। তিনি রানাঘাট উত্তর-পশ্চিমের প্রার্থী পার্থসারথি চট্টোপাধ্যায়।
হেরে গেছেন তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া দুই মন্ত্রী রাজীব ব্যানার্জি, রবীন্দ্রনাথ ঘোষ। শীলভদ্র দত্ত, সব্যসাচী দত্ত, দীপক হালদার, বিশ্বজিত্ রায়, সুদীপ চ্যাটার্জি, বিশ্বজিত্ দত্ত, জিতেন্দ্র তেওয়ারির মতো নেতারাও পরাজিত হয়েছেন। ভোটের ফল প্রকাশ হতেই বিজেপিতে শুরু হয়েছে তৃণমূল ছেড়ে আসা নেতাদের নিয়ে পুরোনো নেতাদের কটাক্ষ। তারা বলছেন, দলবদল করা এসব প্রার্থীই ডুবিয়েছে বিজেপিকে।
