আবদুল্লাহ আবু সায়ীদ পাঠাভ্যাস চর্চা কেন্দ্র আয়োজিত দুইদিনব্যাপী বিজ্ঞান উত্সব ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার মুন্সীগঞ্জের নয়াগাঁওয়ে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উত্সবের উদ্বোধন করেন জনপ্রিয় বিজ্ঞান লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। অনুষ্ঠানে ড. মুহম্মদ জাফর ইকবাল ঘণ্টাব্যাপী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এরপর শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘বই পড়া একটা অসাধারণ ব্যাপার। যে বই পড়ে সে অন্যদের থেকে আলাদা। তবে, দুঃখজনকভাবে বিশ্বব্যাপী বই পড়া কমে গেছে। আমার ফেসবুক একাউন্ট নেই। তবে যা শুনি, ফেসবুকে যত বেশি লাইক তত বেশি আনন্দ। পৃথিবীতে তথ্যের গুরুত্ব সবচেয়ে বেশি। পৃথিবীর সবচেয়ে বেশি তথ্য আছে গুগল, ফেসবুক, আমাজন এদের কাছে। তুমি তোমার পরিশ্রম ও সময় ব্যয় করে ফেসবুককে লাভবান করছ।’
তিনি আরো বলেন, ‘তুমি তোমার জীবন নিয়ে কি করবে তা তোমাকে ভাবতে হবে। আগামী দশ বছর পর এসব (ফেসবুক) থাকবে না বলে আমার মনে হয়। ফেসবুক মাদকের মতো এক ধরনের নেশা। ফেসবুক ব্যবহার কর, কিন্তু আসক্ত হয়ো না।’ আমাদের দেশে ছেলে মেয়ে সমানভাবে এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘তোমরা যদি জানার জন্য লেখাপড়া কর, জিপিএ-৫ এর জন্য নয়, তবে বাংলাদেশটা বদলে যাবে।’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। সংগঠনটির সভাপতি ফজিলাতুন্নেছা তানিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ মেজর গাজী মোহাম্মদ তাওহিদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোবাশেরুল ইসলাম, সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষক সফিক ইসলাম।
