সাভার উপজেলার আশুলিয়ায় একটি দূরপাল্লার যাত্রীবাহি নৈশকোচে ডাকাতির ঘটনা ঘটেছে। একদল ডাকাত যাত্রীবেশে বাসে উঠে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান মালামাল ও নগদ টাকা লুট করে নিয়েছে। সোমবার রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লী বিদ্যুত্ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। ডাকাতদের হামলায় নারী ও শিশুসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছে।
বাসের যাত্রী আমিনুল ইসলাম জানান, রাত ৯টার দিকে রাজধানীর গাবতলী থেকে যাত্রী নিয়ে কুড়িগ্রামের উদ্দেশে ছেড়ে আসে মাসফি ক্ল্যাসিক (ঢাকা মেট্রো ব-১৫-০৪৯০) নামের পরিবহনটি। পরে বাসটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রা এলাকায় পৌঁছে ইউটার্ন নিয়ে আবারো উল্টো দিকে যেতে থাকে। কিন্তু যাত্রীরা ঘুমিয়ে থাকায় ব্যাপারটি তারা বুঝতে পারেননি। এরপর বাইপাইল এলাকা থেকে যাত্রীবেশে ৮-১০ ডাকাত বাসে উঠে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে চলন্ত বাসেই তাদের মারধর করে মোবাইল, নগদ অর্থ ও মালামাল লুট করতে থাকে ডাকাতরা। একপর্যায়ে বাসটি মহাসড়কের পল্লী বিদ্যুত্ এলাকায় পৌঁছলে যাত্রীদের চিত্কারে আশ-পাশের লোকজন বাসটি আটক করলেও বাসের চালক ও হেলপারসহ ডাকাতরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আটক ও বাসটি জব্দ করা হয়। আহত এক যাত্রী জানান, এ ডাকাতির সাথে বাসটির চালক ও হেলপার প্রত্যক্ষভাবে জড়িত। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মনিরুল হক ডাবলু জানান, মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
