মাহমুদুল হাসান
রোজা শুরু হলেই ঈদের আমেজ শুরু হয়ে যায়। আর ছেলে বুড়ো সবারই ঈদে চাই নতুন জামা। কেনাকাটা শুরু হয়েছে ইতিমধ্যেই। যদিও মাহামারির কারণে অনেকেই শপিং করে নিচ্ছেন ঘরে বসে অনলাইনে। ঈদ পোশাক হওয়া চাই হাল ফ্যাশনের, ট্রেন্ডি রঙ আর সাধ্যের মধ্যে। আমাদের পোশাকি পরিবেশ অনুযায়ী বর্তমানে সালোয়ার কামিজের চাহিদাই বেশি। সালোয়ার-কামিজ বা থ্রি-পিসের প্রচলন বেশি হওয়ার মূল কারণ পোশাকটি আমাদের দেশের আবহাওয়া উপযোগী। ঈদ উপলক্ষে কামিজে দেখা মেলে বাহারি মোটিফ আর ডিজাইন। এমব্রয়ডারি ও প্রিন্টে বিভিন্ন নকশা। সালোয়ার চলবে ট্রেন্ডি কাটিংয়েরই। কিন্তু তার মধ্যেই রয়েছে নতুনত্ব। রঙিন পোশাকই এখন ট্রেন্ডি। সেই ট্রেন্ড মিশে একাকার এই ঈদেও। সালোয়ার কামিজ বা মেয়েদের যে কোনো পোশাকেই ডিজাইনে রঙ বেশি প্রাধান্য পেয়েছে। নীল, কমলা, রুপালী, লাল, হলুদ, সবুজ সব পরিচিত রঙেই সেজেছে ঈদ পোশাক। কামিজ, টপস বা কুর্তার উপর বিভিন্ন ধরনের প্রিন্টে দেখা যায় দারুণসব ডিজাইন। ডিজাইনের সঙ্গে আছে প্রিন্টেরও ভিন্নতা। মোটিফে পাখি, ফুল, পাতা সহ বিভিন্ন ডিজাইনের স্ক্রিন প্রিন্টের সঙ্গে চোখে পড়বে অসাধারণ কিছু জিওমেট্রিক প্রিন্ট। এছাড়া রয়েছে ট্রাইবাল বা আদিম সংস্কৃতি আর সভ্যতা নিয়ে কিছু ছিমছাম ধাঁচের প্রিন্ট। এসব পোশাকের প্রায় সব ডিজাইনই দেখা যাবে নানা ধরনের ফেব্রিকের মধ্যে। এ বিষয়ে সেইলরের মার্কেটিং ইনচার্জ মোহাম্মদ সাইদুজ্জামান বলেন, ‘বিশ্ব ট্রেন্ডের সঙ্গে মিল রেখেই মেয়েদের টপস বা কামিজের ডিজাইন করা হয়েছে। এই ঈদে মেয়েদের পোশাক হবে একটু রঙিন। যেখানে নানা রঙের শেডের কম্বিনেশনে বাহারি ডিজাইন দেখা যাবে।
পাঞ্জাবিতে যেমন রয়েছে ঐতিহ্যের ব্যাপার, তেমনি আছে ধর্মীয় অনুভূতি। তাই একথা সত্য যে, পাঞ্জাবি ছাড়া ঈদ হয় না পুরুষের। আসন্ন ঈদে পাঞ্জাবির বাজার দখল করে রেখেছে প্রিন্টেড পাঞ্জাবি। যেখানে টাইবাল ও জিওমেট্রিক মোটিফই বেশি প্রাধান্য পেয়েছে। আর কিছু ফ্যাশন হাউজে ব্লকের পাঞ্জাবি পাওয়া যাবে ফ্যামিলি প্যাকেজেও। মানে বাবা ও ছেলের জন্য একই ডিজাইনের। কেউ প্রিন্টেড ছাড়া নিতে চাইলেও পাবেন। বরাবরের মতই একদমই কোন কাজ ছাড়া ঈদের বাজারে পাবেন কুর্তা জাতীয় পাঞ্জাবি। এগুলো সাধারণত সুতি কাপড়ের, আর লম্বায় একটু শর্ট হয়ে থাকে। কুর্তার ডিজাইন মূলত কলার, রঙ আর বোতামের উপর বেশি হেরফের হয়ে থাকে। পরতে আরামদায়ক হয়। আর প্রিন্ট ছাড়া কেউ একটু জমকালো পাঞ্জাবি কিনতে চাইলে নিতে পারেন সিল্কের পাঞ্জাবি। সিল্কের উপর কাজ পাওয়া যাবে এমব্রয়ডারি, কারচুপি বা হাতে করা। রঙ আর কাটিংয়ের পাশাপাশি পেয়ে যাবেন কলারেরও নানান ধরন।’
পোশাক ও ছবি সেইলর
