উত্সবে রঙিন

আপডেট : ০৩ মে ২০২১, ২০:৪০

 শাহাদাত্ চৌধুরী বাবু

কড়া রোদের এই দিনগুলোতে বা মেঘলা দিনে বাসা, অফিস কিংবা করোনার সীমিত আড্ডায় ফ্যাশনেবল পোশাক এনে দেবে স্বস্তি। সঙ্গে বাহ্যিক লুকটাতেও আসবে ভিন্নতা। তবে ঈদের সময় স্বস্তির সঙ্গী ফ্যাশনও। তাই ঈদে পাঞ্জাবি আর মেয়েদের টপসের বা সিঙ্গেল কামিজের চাহিদা বরাবরই তুঙ্গে।  এবারের ঈদেও ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে ঈদ পোশাকগুলো সমসাময়িক ট্রেন্ড  ও ডিজাইনারদের মুন্সিয়ানাতে হয়ে উঠেছে বর্ণিল। উত্সবে কেমন পাঞ্জাবি/ কামিজ বা কুর্তি ট্রেন্ডে ইন তা নিয়েই এই লেখা।

সাধারণত ফরমাল, স্লিমফিট ও কাবলি— এই তিন ধরনের পাঞ্জাবিই বেশি দেখা যাচ্ছে ব্র্যান্ড স্টোরগুলোতে। আর এই তিনটির বাইরে রয়েছে এক্সিকিউটিভ পাঞ্জাবি, যেটা শর্ট পাঞ্জাবিরই একটু আপডেট ভার্সন বলা যায়। এ ধরনের পাঞ্জাবি, শর্ট পাঞ্জাবি থেকে লম্বায় একটু বড় হলেও ফরমালের মতো বেশি নয়। গরমে সাধারণত বেশিরভাগ মানুষই একটু হালকা রঙের দিকে ঝোঁকে অথবা কেউ বেছে নেয় সাদা। তাই পাঞ্জাবির মূল নতুনত্ব দেখা যায় এর বেসিক ডিজাইনে। প্রিন্টের মধ্যেই দেখা যায় চোখ ধাঁধানো আর জমকালো ডিজাইন। প্রিন্টের ডিজাইনগুলো ফোকাসিংয়ের মূল জায়গা দখল করে রয়েছে কিছু কলার আর বোতামের নতুনত্ব নিয়ে। প্রিন্ট বাদে অন্যান্য কাজ তো থাকবেই। কেউ প্রিন্টেড ছাড়া নিতে চাইলেও পাবেন কিছু স্পেশাল ডিজাইন। বরাবরের মতো একদমই কোনো কাজ ছাড়া পাবেন কুর্তা টাইপের কিছু পাঞ্জাবি। কুর্তাগুলো সাধারণত সুতি, লিলেন কাপড়ের আর প্যাটার্ন ভিন্নতায় হয়ে থাকে। পুরোটাই কাবুলি কাটে যা গত কয়েক বছর থেকে ঈদ ফ্যাশনে ইন!

এদিকে মেয়েদের টপস ডিজাইনে এখন জনপ্রিয় নাম ফ্রিল স্টাইল। ফ্রিল হচ্ছে কুচি। মানে কুচির বিভিন্ন ব্যবহার এখন মেয়েদের টপসে লক্ষ্য করা যায়। এছাড়া আজকাল ঢিলেঢালা টপসের চল বেশ চোখে পড়ছে। ঢিলেঢালা টপসেও ফ্রিলের ব্যাপকতা দেখা যায়। বডিতে ফিটিং প্যাটার্নই গত কয়েক বছর অধিকাংশ ডিজাইনে দেখা গেছে। যার সঙ্গে পুরোপুরি ভিন্নমাত্রা এনেছে ফ্রিল। টপসের নেকের অংশে দেখা যায় বেশি ফ্রিলের কাজ। ফ্রিল টপসের নেকে সম্পূর্ণ ব্যতিক্রম মাত্রা এনে দিয়েছে, যা এখন বেশ জনপ্রিয়। নেক থেকে নরমাল গেদার বা ফ্রিল নিচে নেমে আসার ডিজাইন কমবেশি সব সময়ই পরিলক্ষিত। আবার টপস বা টিউনিকের ক্ষেত্রে স্লিভেও থাকবে বৈচিত্র্য। প্রিন্সেস স্লিভ, ফ্লেয়ার্ড স্লিভ, সার্কুলার স্লিভ, স্লিট স্লিভ, কেপ স্লিভ, ফ্লস স্লিভ প্রাধান্য পাবে ঈদ ফ্যাশনে। তবে এক্ষেত্রে পোশাকের প্যাটার্ন হবে সাদামাটা। এ বছরের শুরু থেকেই টার্সেল এবং ফ্রিলের ব্যাপক ব্যবহার দৃশ্যমান এবং এবার ঈদেও খুব একটা ব্যতিক্রম হবে না। পাশাপাশি লম্বা ঝুলের সিঙ্গেল কামিজ এখনও ফ্যাশনে ইন। প্রিন্টেট ক্যানভাসে তৈরি এসব কুর্তি বা কামিজ আউটগোয়িং ফ্যাশনে বেশ জনপ্রিয় এবং আরামদায়ক। নেক লাইন  বৈচিত্র্য, সঙ্গে কাটেও থাকছে ভিন্নতা। কাপড় গরমে পরার উপযোগী। উত্সব বাদেও পরা যাবে বছরজুড়েই।

 

লেখক :চেয়ারম্যান ও চিফ ডিজাইনার, জেন্টল পার্ক