রমজানে প্রতিদিন একই রকম ইফতার খেতে ভালো লাগে না। তাই মাঝেমধ্যে স্বাদে ভিন্নতা আনতে ঘরেই তৈরি করা যায় এমন দুটি রেসিপি দিয়েছেন শিরিনা রহমান লাবনী
মগজের কাবাব
উপকরণ :গরুর মগজ ১টি, কাবাব মসলা ৪ চামচ, ছোলার ডাল ১০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, ডিম ২টি, পানি ৪ কাপ, সয়াবিন তেল ও লবণ পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি :মগজের সঙ্গে ভেজানো ছোলার ডাল, পেঁয়াজ কুচি, আদাবাটা, রসুনবাটা, স্বাদমতো লবণ, ৪ টেবিল চামচ তেল ও মশলা ভালোভাবে মেখে এতে পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে সিদ্ধ করুন। পানি শুকিয়ে গেলে সিদ্ধ মগজ ও ডাল পাটায় অথবা ব্লেন্ডারে পেস্ট করে নিন। এরপর ২টি ডিমের সাদা অংশ ফেটে নিয়ে পেস্ট করে সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। গোল সেভ দিয়ে নিতে হবে সবগুলো রেডি হয়ে গেলে ডুবো তেলে বাদামি কালার করে ভেজে নিতে হবে। তাতেই হয়ে গেল মগজের কাবাব।
টক দইয়ের শরবত
উপকরণ :টক দই পাঁচ কাপ, পুদিনা পাতা সাত/ আটটি, কাঁচামরিচ কুচি দুটি, ঠান্ডা পানি পরিমাণমতো, চিনি দুই টেবিল চামচ, বরফ কুচি প্রয়োজনমতো এবং লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি :প্রথমে একটি ব্লেন্ডারে টক দই, ঠান্ডা পানি, বরফ কুচি, পুদিনা পাতা, কাঁচামরিচ কুচি, চিনি ও লবণ একসঙ্গে নিয়ে ভালো করে ব্লেন্ড করুন। এবার গ্লাসে ঢেলে কিছছুক্ষণ ফ্রিজে রেখে দিন। পরিবেশনের আগে গ্লাসের ওপর সামান্য বরফ কুচি ছড়িয়ে দিন। ব্যস, খুব সহজেই তৈরি হয়ে গেল ঠান্ডা টক দইয়ের শরবত।
