বড় হারে সিরিজ শেষ

আপডেট : ০৩ মে ২০২১, ২১:৪২

স্পোর্টস রিপোর্টার

আন্তর্জাতিক ক্রিকেটে টানা আট ম্যাচ হেরে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল বাংলাদেশ দল। যার মধ্যে দেশের মাটিতে সর্বশেষ দুই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারও যুক্ত ছিল। মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটাও বিপর্যস্ত ছিল নানামুখী চাপে। হারের বৃত্ত ভেঙে জয়ের রথে ফেরার আশায় দ্বীপদেশে পাড়ি জমায় টাইগাররা। কিন্তু দুই ম্যাচের সিরিজে এবারও জয়ের দেখা মিলেনি। অতৃপ্তি নিয়ে আজ ঢাকায় ফিরছে বাংলাদেশ দল।

ক্যান্ডিতে লঙ্কানদের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ড্র করেছিল মুমিনুল বাহিনী। কিন্তু দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের সঙ্গে আর পেরে উঠেনি সফরকারীরা। গতকাল ম্যাচের পঞ্চম দিনের সকালে ২০৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

দুই ম্যাচের সিরিজটা শ্রীলঙ্কা জিতে গেল ১-০ তে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের এটিই ছিল শেষ ম্যাচ। ১২ ম্যাচে ২টি জয় পেল শ্রীলঙ্কা। সঙ্গে আছে ৪টি ড্র ও ৬টি হার, তাদের পয়েন্ট ২০০। তলানীতে অবস্থান করছে বাংলাদেশ। ৭ ম্যাচ খেলে ৬টি হার, একটি ড্র। তার ফলে অর্জন ২০ পয়েন্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে কোনো জয় না পাওয়া একমাত্র দল বাংলাদেশ।

ক্যান্ডিতে তৃতীয় দিন থেকেই স্বাগতিকদের চাপে পড়ে যায় মুমিনুলের দল। লঙ্কানদের প্রথম ইনিংসের পর থেকেই উইকেট স্পিনারদের বুকে টেনে নেয়। দুই ইনিংসেই স্পিনাররাই ধসিয়ে দিয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৪৩৭ রানের বড় টার্গেটে খেলতে নেমে চতুর্থ দিনেই ১৭৭ রানে ৫ উইকেট হারায় টাইগাররা। গতকাল সকালে বাংলাদেশের হারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে খুব বেশি সময় লাগেনি। এক ঘণ্টা ২০ মিনিটে শেষ হয় সফরকারীদের লড়াই। শেষ ৫ উইকেটে ৫০ রান যোগ করতে সমর্থ হয় বাংলাদেশ। ২২৭ রানে অলআউট হয়ে বড় হার বরণ করেন মুমিনুল বাহিনী।

দিনের তৃতীয় ওভারেই জয়াবিক্রমার বলে এলবির ফাঁদে পড়েন লিটন দাস। তিনি ১৭ রান করেন। পরে তাইজুল, তাসকিনদের নিয়ে হারের ব্যবধান কমানোর কাজই করেছেন মিরাজ। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তিনি ৩৯ রান করেন। তাইজুল ২, তাসকিন ৭ রান করেন। রাহী জয়াবিক্রমার পঞ্চম শিকার হলে শেষ হয় বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কার জয়াবিক্রমা ৮৬ রানে ৫টি, রমেশ মেন্ডিস ৪টি উইকেট নেন। জয়াবিক্রমা ম্যাচ সেরা ও করুণারত্নে সিরিজ সেরার পুরস্কার পান।

স্কোর কার্ড

টস: শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা: ৪৯৩/৭ ডি. ও ১৯৪/৯ ডি.

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৫১ ও ২২৭

(আগের দিন ১৭৭/৫, ৪৮ ওভার, লিটন ১৪*, মিরাজ ৪*)

 

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস                                               রান           বল            চার           ছয়

লিটন এলবিডব্লিউ ব জয়াবিক্রমা       ১৭

মিরাজ ক নিশাঙ্কা ব জয়াবিক্রমা        ৩৯

তাইজুল ক ডিকবেলা ব ধনঞ্জয়া         ২

তাসকিন ক করুণারত্নে ব রমেশ        ৭

শরীফুল ইসলাম অপরাজিত             ০

আবু জায়েদ এলবিডব্লিউ ব জয়াবিক্রমা      ০

অতিরিক্ত (বা ৩, লে বা ২, নো ১)     ৬

মোট (৭১ ওভার, অলআউট)            ২২৭

উইকেট পতন : ১/৩১ (তামিম), ২/৭৩ (সাইফ), ৩/১০৪ (শান্ত), ৪/১৩৪ (মুমিনুল), ৫/১৭১ (মুশফিক), ৬/১৮৩ (লিটন), ৭/২০৬ (তাইজুল), ৮/২২৭ (তাসকিন), ৯/২২৭ (মিরাজ), ১০/২২৭ (আবু জায়েদ)।

শ্রীলঙ্কা বোলিং :

সুরাঙ্গা লাকমল ৪-২-১৪-০, রমেশ মেন্ডিস ২৮-২-১০৩-৪, প্রাভীন জয়াবিক্রমা ৩২-১০-৮৬-৫, ধনাঞ্জয়া ডি সিলভা ৭-১-১৯-১।

ফল : শ্রীলঙ্কা ২০৯ রানে জয়ী।

ম্যাচ সেরা : প্রাভীন জয়াবিক্রমা (শ্রীলঙ্কা)।

সিরিজ সেরা : দিমুথ করুণারত্নে (শ্রীলঙ্কা)।

সিরিজ : দুই ম্যাচের সিরিজ ১-০ তে জিতল শ্রীলঙ্কা।