টেক্সটাইল মিলে যে রং ব্যবহার করা হয় সে রং ব্যবহার করা হচ্ছে চিকেন ফ্রাই তৈরিতে। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথ এলাকায় বসুন্ধরা শপিং মলের ফুডকোর্টে র্যাব এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ চিত্র ধরা পড়ে। ঢাকা উত্তর সিটি এবং বিএসটিআইয়ের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। এ সময় ১৪ দোকানকে মোট ৩১ লক্ষ টাকা জরিমানা এবং মিড নাইট সান, ঢাকাইয়া, ইন্ডিয়ান হট মাসালা, এলএফসি স্পাইসি ডোসা, কড়াই গোসত রেস্টুরেন্টকে সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেয় আদালত।
মো. সারওয়ার আলম জানান, বসুন্ধরা শপিং মলের ফুডকোর্টে কাপড়ে ব্যবহার্য রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্যোপকরণ ব্যবহার করা হচ্ছিল। খাবার তৈরির পরিবেশও অপরিষ্কার। প্রায় সকল দোকানে দেখা মেলে অসংখ্য তেলাপোকা। মিডনাইট সাইট রেস্টুরেন্টে পাউরুটি, বনরুটি ছিল মেয়াদোত্তীর্ণ। তাছাড়া ব্যবহার করা হচ্ছে কাপড়ে ব্যবহার্য রং। এ জন্য এই প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা জরিমানা করে আদালত। এছাড়া ঢাকাইয়া রেস্টুরেন্ট, মোঘল দরবার, ইন্ডিয়ান হট মাসালা, দিল্লী স্পাইসি, ইন্ডিয়ান দরবার, এলএফসি স্পাইসি, ডোসা কিংকে ৩ লক্ষ টাকা করে ও টাংগি এন্ড টামি রেস্টুরেন্টকে ২ লক্ষ টাকা এবং ইন্ডিয়ান হান্ডি, কাবানা সী ফুড, কোরিয়ান ক্লোজি, বিএফসি, দিল্লী দরবারকে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়।
