বিএনপির মানববন্ধন আজ, ৮ ফেব্রুয়ারি জনসভা

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ০০:৩৬

একাদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রতিবাদে আজ বুধবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করবে দলটি। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ৮ ফেব্রুয়ারি দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় দলটি। গত বছর ঐ দিন বেগম জিয়াকে কারাগারে পাঠানো হয়।

দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, আজ ভুয়াভোটের সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এর প্রতিবাদে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিএনপি’র উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহা তামাশার নির্বাচন। নির্বাচনের নামে এক অসুস্থ পরিবেশ ছড়িয়ে দেওয়া হয়েছে রাষ্ট্র-সমাজের সর্বত্র।

তিনি বলেন, এই সংসদ নিরস্ত্র ভোটারদের ওপর অবৈধ সরকারের অবৈধ ক্ষমতা প্রদর্শনকারী গণশত্রুদের আড্ডাঘর। এই সংসদ ইতিহাসের ম্যান্ডেটবিহীন ক্ষমতালোভীদের সম্মিলন হিসেবে বিবেচিত হবে সর্বত্র। সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সুকোমল বড়ূয়া, মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।