বিশেষ প্রতিনিধি
করোনা ভাইরাসে আক্রান্ত রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন মোল্লাকে সোমবার জরুরি ভিত্তিতে বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে রাজশাহী থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
আইএসপিআর জানায়, করোনা ভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিতকল্পে বাংলাদেশ বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সেবা পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায়, উক্ত মেডিক্যাল ইভাকোয়েশন মিশনের মাধ্যমে জরুরি বিমান পরিবহন সেবা প্রদান করা হয়। রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন মোল্লা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে রাজশাহী থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। পরবর্তী সময়ে তাকে উন্নত চিকিত্সার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
