পাকিস্তানে ব্লাসফেমি আইনের মামলায় আসিয়া বিবির খালাস বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। গতকাল মঙ্গলবার একটি আপিল শুনানিতে এই রায় দেয় সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি আসিফ সাইফ খোসা বলেছেন, আসিয়ার রায়ের বিরুদ্ধে যে আপিল করা হয়েছে তার কোনো ভিত্তি নেই। মামলার শুনানি না হওয়া পর্যন্ত আসিয়া পাকিস্তান ত্যাগ করতে পারছিলেন না। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, সুপ্রিম কোর্টে খালাসের রায় বহাল থাকায় আসিয়া এখন বিদেশে যেতে পারবেন। ২০১৯ সালে ইসলাম ধর্মের অবমাননার অভিযোগে অভিযুক্ত হন আসিয়া। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তিনি আট বছর কারাদণ্ড ভোগ করার পর গত বছর আদালত তাকে মুক্তি দেয়। এর বিরুদ্ধে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়। পরিস্থিতি শান্ত করতে সরকার রায়টি পুনর্বিবেচনার আশ্বাস দেয়। - রয়টার্স
