শতমুখে ইফতারের হাসি

আপডেট : ০৪ মে ২০২১, ২০:৫৭

পবিত্র মাহে রমজানে নোয়াখালীর চৌমুহনীতে সামাজিক সংগঠন ‘আমরা গোলাপ’ ও ‘সার্ভিস ফর হিউম্যান বিয়িং অর্গানাইজেশন’র যৌথ উদ্যোগে শুরু হয় মাসব্যাপী ইফতার আয়োজন। চৌমুহনী রেলওয়ে স্টেশনে প্রতি সন্ধ্যায় দেখা মেলে অভূতপূর্ব এক দৃশ্যের। সারিবদ্ধ হয়ে বসে আছে শতাধিক মানুষ। কেউ ভিক্ষুক, কেউ পথশিশু, কেউ শারীরিক প্রতিবন্ধী, কেউ-বা নিতান্ত অসহায়। তাদেরকে ইফতার পরিবেশন করছেন স্বেচ্ছাসেবীরা। সামাজিক দূরত্ব বজায় রেখে ও সুরক্ষা নিশ্চিত করে কেউ ঢালছেন পানি বা শরবত, কেউ এগিয়ে দিচ্ছেন মুড়ি ও খেজুর।

প্রতিদিন কমপক্ষে ১০০ জনকে ইফতার করার প্রাথমিক লক্ষ্য থাকলেও সার্ভিস ফর হিউম্যান বিয়িং’র সাধারণ সম্পাদক ফাহিদা সুলতানা বলেন, ‘১০০-র বেশি মানুষ হয় প্রতিদিন। আল্লাহর রহমতে সকলে তৃপ্তি নিয়ে ইফতার করে। মাস শেষে সংখ্যাটি তিন হাজারের বেশি হবে আশা করি।’

আয়োজনের প্রধান সমন্বয়ক সমাজকর্মী মুনীম ফয়সাল জানান, ‘আমরা মূলত মাধ্যম। সমাজের স্বচ্ছল মানুষগুলোর পাঠানো ভালোবাসা তুলে দিচ্ছি সুবিধাবঞ্চিতের মুখে। তাদের হাসিই আমাদের সফলতা।’ এদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন নোয়াখালীর জেলা প্রশাসক। জেলা প্রশাসনের সহায়তা ও অর্থায়নে একদিন ইফতার করানো হয় এসব মানুষদের।

নোয়াখালীর এই তরুণরা মানবতার সেবায় সঁপে দিয়েছে নিজেদের। তাতে হাসি ফুটছে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে। মাহে রমজানের শিক্ষা তো এমনই হওয়া উচিত।