গতকাল ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। ছেলে ও মেয়েদের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। দুটি টুর্নামেন্ট আলাদা আলাদা অনুষ্ঠিত হবে।
ছেলেদের টুর্নামেন্টে সরাসরি সুপার-১২ খেলতে পারছে না বাংলাদেশ। তারা প্রথম পর্বে ‘বি’ গ্রুপে বাছাইপর্ব পার করে আসা তিন দলের সাথে অংশ নেবে। এরপর প্রথম পর্ব পার করে আসতে পারলে সুপার-১২ পর্বে খেলবে তারা।
মেয়েদের সেরা দশটি দল এবারের বিশ্বকাপে ২৩টি ম্যাচ খেলবে। ২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। অন্যদিকে ছেলেদের সেরা ১৬টি দল ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৪৫টি ম্যাচ খেলবে।
দুটি টুর্নামেন্টের ফাইনালই অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। মেয়েদের টুর্নামেন্টে সরাসরি অংশ নেবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান। এ ছাড়া দুই গ্রুপে দুটি বাছাইপর্ব পার করে আসা দল যুক্ত হবে তাদের সাথে।
ছেলেদের টুর্নামেন্টে স্বাগতিক অস্ট্রেলিয়া সুপার-১২ পর্বের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে; পার্থে। সিডনিতে ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল।
পরের দিন অ্যাডিলেডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। এমআরএফ টায়ার আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা ৮টি দল সরাসরি খেলবে সুপার-১২ পর্বে। এবার টুর্নামেন্ট সূচি করার সময়ের র্যাঙ্কিংয়ে পাকিস্তান ও ভারত র্যাঙ্কিংয়ের এক ও দুই নম্বর দল ছিল। ফলে সুপার-১২ পর্বে অন্তত তাদের দেখা হচ্ছে না।
আরও পড়ুন: বাংলাদেশি অনুপ্রবেশকারীরাই মমতার ভোট ব্যাংক: বিজেপি
সুপার-১২ পর্ব শুরুর আগে অনুষ্ঠিত হবে দুই গ্রুপের একটি প্রথম পর্ব। ‘এ’ গ্রুপে অংশ নেবে শ্রীলঙ্কা। তাদের সাথে থাকবে বাছাইপর্ব পার করে আশা তিনটি দল। এদের খেলা হবে জিলংয়ে। অন্যদিকে ‘বি’ গ্রুপেও বাংলাদেশের সঙ্গী থাকবে বাছাইপর্ব পার করে আসা আরো তিনটি দল। এই গ্রুপের খেলা হবে হোবার্টে।
সুপার-১২ পর্বের ১ নম্বর গ্রুপে থাকছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং প্রথম পর্ব পার করা দুটি দল। ২ নম্বর গ্রুপে থাকছে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান এবং বাছাইপর্ব পার করে আসা বাকী দুটি দল।
ইত্তেফাক/কেআই
