ভেদরগঞ্জে অপহরণের ৬ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

আপডেট : ০৫ মে ২০২১, ১৯:০১

শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ৫ দিন পর বুধবার (৫ মে) সকালে উপজেলার ডিএমখালি ইউনিয়নের সরকার কান্দি গ্রাম থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এসময় জাহিদ মল্লিক (২১) নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ।

এর আগে গত ২৮ এপ্রিল বুধবার সকালে ডিএমখালি ইউনিয়নের চর চান্দা উচ্চ বিদ্যালয়ের প্রাইভেট পড়তে যাওয়ার সময় তাকে অপহরণ করা হয় বলে দাবি করেছেন ছাত্রীর বাবা। জাহিদ উপজেলার বিএমখালি ইউনিয়নের আলী হোসেন সরকার কান্দি গ্রামের আনোয়ার হোসেন ওরফে পাগলা মল্লিকের ছেলে।

এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে জাহিদকে আসামি করে সখিপুর থানায় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ একটি মামলা দায়ের করেন।

নির্যাতনের শিকার স্কুলছাত্রীর বাবা বলেন, মেয়ে স্কুল থেকে প্রাইভেট পড়ে আসা-যাওয়ার পথে জাহিদ মল্লিক প্রায়ই উত্ত্যক্ত করতো। বিষয়টি নিয়ে জাহিদকে একাধিকবার সতর্কও করা হয়েছিলো। গত বুধবার সকাল সাড়ে নয়টার দিকে স্কুল থেকে প্রাইভেট পড়ে বাসার দিকে ফেরার পথে জাহিদ মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। পরে ঢাকা মিরপুরে তার বন্ধুর বাড়িতে আটকে রেখে মেয়েকে ধর্ষণ করে জাহিদ।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সখিপুর থানার উপ-পরিদর্শক মো. আতিয়ার রহমানের নেতৃত্বে ডিএমখালি এলাকায় অভিযান চালিয়ে মেয়েকে উদ্ধার এবং জাহিদ মল্লিকে গ্রেফতার করা হয় বলে তিনি জানান।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, ‌আটক জাহিদকে সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

ইত্তেফাক/এমএএম