আনন্দ বিনোদন প্রতিবেদক
সাব্বির নাসির। একের পর এক হিট গান শ্রোতাদের উপহার দিয়ে যাচ্ছেন তিনি। কম সময়ে পরপর বেশ কয়েকটি বাংলা গান প্রকাশ করে সফলতা পেয়েছেন এই তারকা। বাংলা গানের বাইরে ইংরেজি গানও করছেন—লক্ষ্য দেশ ছাড়িয়ে বিশ্বাঙ্গনে পৌঁছানো। গত দুই বছরে ব্যাক টু ব্যাক ‘হর্ষ’, ‘ফুল ফোটাবো’, ‘ফাগুন আসছে’, ‘জল জোছনা’, ‘পোকা’, ‘আমারে দিয়া দিলাম তোমারে’, ‘মৃত জোনাকি’, ‘দমে দম’, আবোলতাবোল সহ বেশ কয়েকটি গান ও গানচিত্রের মাধ্যমে আলোচনায় আসেন সাব্বির নাসির। নতুন কাজ নিয়ে জানতে চাইলে গায়ক সাব্বির নাসির বলেন, ‘বিনোদিনী রাই’ নামের একটি নতুন গান সমপ্রতি দুই বাংলায় বেশ জনপ্রিয়তা ও প্রশংসা পেয়েছে। প্লাবন কোরেশীর কথা ও সুরে গানটিতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কলকাতার শম্পা বিশ্বাস। রিয়েল আশিক গানটির সংগীতায়োজন করেছেন, জাইম মিক্স মাস্টারিংও করেছেন। প্লাবন কোরেশী ভাইয়ের গান বরাবরই ভালো লাগে। এবারের গানটিও তার ব্যতিক্রম নয়। আমি নিজের মতো করে সুরের মৌলিকতা অক্ষুণ্ন রেখে গাওয়ার চেষ্টা করেছি। আশা করি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’ এদিকে এ গানের বাইরে মিউজিক্যাল ফিল্ম ‘টান’ শিগগিরই মুক্তি পাবে। এতে কণ্ঠ দিয়েছেন সাব্বির নাসির। জনপ্রিয় অনেক সিনেমার পরিচালক বদিউল আলম খোকনের পরিচালনায় এ গানে অভিনয়ে দেখা যাবে আশিক চৌধুরী, শাকিলা পারভীনসহ বেশ কয়েকজন শিল্পীকে। ‘টান’ প্রসঙ্গে গায়ক সাব্বির নাসির বলেন, গত বছর ফেব্রুয়ারিতে মুরাদ নুরের সুরে, বিশালের কথায়, মুশফিক লিটুর সংগীতায়োজনে ‘আমারে দিয়া দিলাম তোমারে’ শিরোনামের গানটি গেয়েছিলাম। এ গানটি শ্রোতাদের হূদয়ে স্থান পেয়েছে, ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মুরাদ নুর যখন কবি অসীম সাহার গানটি শোনালেন, একটু দ্বিধাগ্রস্থ ছিলাম। কারণ শংকিত ছিলাম এই ভেবে যে এত বড় একজন কবির কথায় প্রাণ প্রতিষ্ঠা করতে পারব তো? যাক, এক বছরের দ্বিধা দ্বন্দ্ব আর গবেষণার পর প্রকাশিত হতে যাচ্ছে ‘টান’। মাটি, জল, বাতাস ও আগুনের লোকগান ‘টান’। গানটি হয়ত এক একজনের কাছে এক এক ভাবধারায় প্রকাশ পাবে। আমার ভাবজগতে ‘টান’ এক সাধকের সঙ্গে পরমেশ্বরের কথোপকথন। বদিউল আলম খোকন ভাইয়ের ও তার টিমের প্রতি বিশেষ কৃতজ্ঞতা অসীম দা’র গানটিকে চিত্রায়িত করার গুরু দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য। শিগগিরই গানটি প্রকাশ হবে। সাব্বির নাসিরের একেকটি গানের ভিডিওচিত্র একেকটি গল্প বহন করে। আর দৃশ্যধারণের সঙ্গেও গানের একটি গভীর অন্তমিল খুঁজে পাওয়ার কারণে দর্শক-শ্রোতা তা অল্প সময়েই পছন্দ করছেন। এরইমধ্যে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)-এর প্রতিশ্রুতিশীল তারকা (পুরুষ) বিভাগে ‘হর্ষ’ গানটির জন্য পুরস্কৃত হন তিনি। এছাড়া ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’-এ অন্যসব গানের ভিডিওর সঙ্গে লড়াই করে দর্শক জরিপে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় সাব্বির নাসিরের গাওয়া ‘আমারে দিয়া দিলাম তোমারে’।
