নি র্মা তা ভা ব না

আপডেট : ০৫ মে ২০২১, ২১:১৪

 

নির্মাতা মাসুদ সেজান ‘হঠাত্ বাদশা’নাটক সম্পর্কে বলেন, ‘যখন কেউ বিপদে পড়ে, সেটা হতে পারে হঠাত্ করে চাকরি চলে গেছে কিংবা পেশাগত অবস্থানে কোনো অশনিসংকেত দেখা দিয়েছে, ঠিক তখনই চেনা মানুষগুলো দ্রুত বদলে যায়। হয়তো এতদিন যাকে প্রিয় বন্ধু হিসেবে জেনে এসেছে, সে মানুষটি কেবল তার ভালো সময়টুকুর সঙ্গেই ছিল, আজকে বিপদ দেখেই পালিয়ে গেছে। সটকে পড়ার এই তালিকা থেকে বাদ যায় না আত্মীয়-স্বজন এমনকি পরিবারের সদস্যও। মজার ব্যাপার হলো, গল্পটি আমাদের চিরচেনা হলেও বরাবরই মানুষগুলোকে চিনতে আমরা ভুল করি। আমি এই নাটকটিতে এমন কিছু চরিত্রের বিশ্লেষণ করার চেষ্টা করেছি। তাদের গতি-প্রকৃতি, স্বরূপ কিংবা মুখোশ উন্মোচনের একটা ব্যক্তিক অবস্থানও বলা যেতে পারে। আমি বলতে চেয়েছি, সুখের দিনে তো বন্ধুর অভাব হয় না, কিন্তু একটি মানুষ যখন বিপদে পড়ে, তখন যদি আরেকটি মানুষ তার সাহায্যে এগিয়ে না আসে তাহলে কিসের মানবিকতা, কিসের সমাজ? এই সভ্যতা নিয়ে আমরা কোথায় চলেছি?’