করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দোকানপাট ও শপিংমলসমূহে স্বাস্থ্যবিধি প্রতিপালনে আজ থেকে শুরু হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম এর ঝটিকা অভিযান। এসময় স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টের মাধ্যমে ৯০টি মামলায় ৯ লক্ষ ৭৫ হাজার ৪৬০ টাকা জরিমানাসহ ৩টি দোকান সিলগালাও করে দেওয়া হলো।
বুধবার ( ৫ মে) বিকালে ডিএনসিসি মেয়র রাজধানীর গুলশান ও বনানী এলাকায় দোকানপাট ও শপিংমলসমূহে স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন হচ্ছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করেন। তবে এসময় মেয়রের সঙ্গে একদল লোক দেখা যায়।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দোকানপাট ও শপিংমলসমূহে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানতে কঠোর হুঁশিয়ারি দেন মেয়র। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থার সম্মুখীন হতে হবে বলেও জানান তিনি।

ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্স ব্যতীত ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব্যবসা করা, মাস্ক না পড়া এবং স্বাস্থ্য বিধি না মানার কারণে মোবাইল কোর্টে মোট ৯০ টি মামলায় সর্বমোট ৯ লক্ষ ৭৫ হাজার ৪৬০ টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয় এবং সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।
ইত্তেফাক/এসআই
