১১ ট্রাক্টর জব্দ
ডোমার (নীলফামারী) সংবাদদাতা
ডোমারে অবৈধভাবে নদীর বালু উত্তোলনের দায়ে ১১টি ট্রাক্টর জব্দ করে মামলা দায়ের করেছেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা উত্তম কুমার সিং। বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় দেওনাই নদীর বালু অবৈধভাবে উত্তোলনের খবরে অভিযান পরিচালনা করেন। উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পারঘাট নামক স্থানে দেওনাই নদীর বালু অবৈধভাবে উত্তোলনের দায়ে ১১টি ট্রাক্টর ও একটি এক্সকাভেটর জব্দ করা হয়। রাতেই বোড়াগাড়ী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা উত্তম কুমার সিং বাদী হয়ে ডোমার থানায় ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, চৌহালীতে অবৈধভাবে যমুনার বালু উত্তোলনের দায়ে ড্রেজারের একজন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহিদ আল হাসান। অর্থদণ্ডপ্রাপ্ত জুয়েল হোসেনের বাড়ি দক্ষিণ খাসকাউলিয়া গ্রামে। সহকারী কমিশনার (ভূমি) জানান, উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের জনতা উচ্চবিদ্যালয়ের পাশের যমুনা নদী থেকে ড্রেজার দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের দায়ে জুয়েলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
