বগুড়ার শেরপুরের বাগড়া কলোনি এলাকায় স্বামী ও শাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেরে গত বৃহস্পতিবার রাতে ১৪ মাস বয়সী শিশুসন্তানকে বিষ খাইয়ে হত্যার পর মা শান্তা বেগম (১৯) বিষপানে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় শেরপুর থানায় মামলা হয়েছে।
জানা যায়, উপজেলার কুসুম্বি ইউনিয়নের বাগড়া কলোনি এলাকার আবু তালেবের ছেলে মামুনুর রশীদের সাথে ৩ বছর আগে পাশের খানপুর ইউনিয়নের বড়ইতলী গ্রামের সানাউল্লাহ প্রামাণিকের মেয়ে শান্তার বিয়ে হয়। বিয়ের পর স্বামী ও শাশুড়ি অকারণে শান্তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতো এবং টাকা চাইতো। গত বৃহস্পতিবার সকালে শাশুড়ি মাসেদা বেগম তুচ্ছ বিষয় নিয়ে শান্তা বেগমের সাথে ঝগড়া করে। এর একপর্যায়ে শাশুড়ি তাকে মারধর করে। এই অপমান সহ্য করতে না পেরে দুপুরে বাড়ি থেকে একটু দূরে উত্তরে বাগড়া কলোনি দাখিল মাদ্রাসার সামনে প্রথমে ১৪ মাস বয়সী ছেলে শামীম হোসেন বাবুকে বিষ খাইয়ে নিজেও বিষ খান। পরে গুরুতর অবস্থায় তাদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকালে মা ও ছেলে মারা যায়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের আটকের চেষ্টা চলছে।
