ভারতে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ অবস্থায় রয়েছে। পার্শ্ববর্তী দেশ নেপালেও ভাইরাসটির প্রভাব ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে অধিকাংশ হাসপাতালে বেড ও অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। এমতাবস্থায় আজ শুক্রবার (৭ মে) নেপালের চিকিৎসকরা ভয়াবহ সংকটের বিষয়ে সতর্কতা জানিয়েছেন। এ খবর প্রকাশ করেছে ওকভিডটকম।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার নেপালে নতুন করে ৯ হাজার ৭০ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। অথচ গত মাসের একইদিনে সংখ্যাটা ছিল মাত্র ২৯৮ জন। পাশাপাশি ভাইরাসটিতে আ্ক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বাড়ছে। বুধবার মারা গেছেন ৫৮ জন এবং বৃহস্পতিবার ৫৪ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫২৯ জন।
কাঠমান্ডুতে অ্যাডভান্সড মেডিসিন ও সার্জারি হাসপাতালের প্রধান ডা. জ্যোতিন্দ্র শর্মা বলেন, করোনা রোগীদের চিকিৎসা করানোর জন্য আজ কোনো হাসপাতালেই বেড খালি নেই। যদিওবা কোনো বেড খালি পাওয়া যায়, কিন্তু সেখানে অক্সিজেন সহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামের সংকট রয়েছে।
কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য নেপালের অনেক হাসপাতালেই অতিরিক্ত বেডের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সেগুলোও ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে। এই মুহূর্তে এসব হাসপাতালে ভর্তি হওয়ার একমাত্র উপায় হলো অপেক্ষা করা।
চরম পরিস্থিতিতে রাস্তার মধ্যেই মানুষ মৃত্যুর কোলে ঢলে পরবে। তাছাড়া তাৎক্ষণিকভাবে হাসপাতালের সক্ষমতাও বাড়ানো সম্ভব নয়, যোগ করেন ডা. জ্যোতিন্দ্র শর্মা।
সরকার পরিচালিত ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে অসংখ্য কোভিড-১৯ রোগীদের জন্য বারান্দায় বেডের ব্যবস্থা করা হয়েছে। সেখানে রোগীদের অক্সিজেন সিলিন্ডার দিয়ে রাখা হয়েছে। অবশ্য তারা সৌভাগ্যবান। কারণ, অনেকে সেই সুযোগটুকুও পাচ্ছে না।
ইত্তেফাক/টিএ
