মিথিলার প্রথম প্রেম

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৯:৪৫

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মিথিলা সম্প্রতি অভিনয় করলেন ভালোবাসা দিবসের টেলিফিল্ম ‘প্রথম প্রেম’-এ। মুশফিক কল্লোলের পরিচালনায় এতে তার সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন মনোজ কুমার। এরইমধ্যে মিথিলা-মনোজ জুটির নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপন দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়েছে। টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে মিথিলা বলেন, ‘এখানে আমি রুপা চরিত্রে এবং মনোজ তপু চরিত্রে অভিনয় করেছেন। গল্পে দেখা যাবে, রুপা ও তপু একই গ্রামের বাসিন্দা। রুপাকে তপুর ভালো লাগলেও কখনো তা মুখ ফুটে বলা হয়নি তার। একসময় রুপা কলেজের পড়াশোনা শেষ করে ঢাকায় আসে। আরেকটি ছেলের সঙ্গে রুপার সম্পর্ক গড়ে উঠে। ঘটনা মোড় নেয় অন্যদিকে। এই টেলিফিল্মটির শুটিং মানিকগঞ্জ এবং ঢাকার উত্তরায় সম্পন্ন হয়েছে। আমার কাছে মনে হয়েছে, কাজটি অনেক ভালো হয়েছে। মনোজের সঙ্গে আমার কাজের বোঝাপড়াটাও এখন অনেক ভালো। যে কারণে এই কাজটি নিয়ে আমি খুব আশাবাদী।’ টেলিফিল্ম ‘প্রথম প্রেম’ আসছে ভালোবাসা দিবসে রাত ১১টা ২০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে। পরবর্তীতে একটি ইউটিউব চ্যানেলে সাতপর্বের ওয়েব সিরিজ হিসেবে এটি প্রচারিত হবে। মিথিলা ও মনোজ প্রথম একসঙ্গে ‘নীরার নীল আকাশ’ নাটকে অভিনয় করেন। এরপর তারা দুজন রেদওয়ান রনির ‘বিয়ের দাওয়াত রইল’, ইফতেখার আহমেদ ফাহমির শর্টফিল্ম ‘একটি সবুজ ব্যাগ’-এ অভিনয় করেন। পাশাপাশি বাংলালিংকের বিজ্ঞাপনে কাজ করেও তারা দুজন বেশ ভালো সাড়া পান।