আবারও ভালোবাসার মিউজিক ভিডিও

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৯:৪৭

গত বছরের মতো এবারও ভালোবাসা দিবস উপলক্ষে জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান শ্রোতাদের উপহার দিতে যাচ্ছেন নতুন মিউজিক ভিডিও। ‘আমার কাছে তুমি অন্যরকম’ শিরোনামের এই ভিডিওটি প্রকাশিত হবে আগামী ৫ ফেব্রুয়ারি। এরমধ্যে গানের রেকর্ডিং ও শুটিং শেষ। চলছে সম্পাদনার কাজ। নতুন মিউজিক ভিডিও প্রসঙ্গে ইমরান বলেন, ‘আমার গান নিয়মিত প্রকাশিত হচ্ছে। তবে আমার আর সিএমভির কাজের বিষয়টা বরাবরই একটু আলাদা। মানে আমরা দুই পক্ষ এক হয়ে খুব কম কাজ করেছি। অথচ যে ক’টা করেছি তার সবগুলোই সফল। আমাদের শেষ কাজ এক বছর আগে ‘এমন একটা তুমি চাই’। এটা আমার ক্যারিয়ারের অন্যতম হিট অডিও ও ভিডিও কাজ। অথচ মাঝে আমি সিএমভির ব্যানারে আর কোনো কাজ করিনি। এই এক বছরে একটা গানেরই প্ল্যান করেছি, সেটি হলো ‘আমার কাছে তুমি অন্যরকম’। গানটি লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর করেছিলেন নাজির মাহমুদ ও মডেল হয়েছিলেন সাফা কবির। সঙ্গে একই টিম কাজ করেছি এবারও। মুক্তিও পাচ্ছে একই তারিখে! এটা একটা নতুন বিষয়। আইডিয়াটা আমার কাছে দারুণ লেগেছে। আশা করি এবারও সবাই মুগ্ধ হবেন। এবারের গানটিও বেশ রোমান্টিক। ভিডিওতেও থাকছে প্রেমময় গল্পের ছাপ। থাকছে বিশেষ কিছু চমক। কারণ, এবারও গানটি প্রকাশ হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবসকে উত্সর্গ করে।’