ঘূর্ণিঝড়ে কাশিয়ানীর হাইশুর বৃদ্ধাশ্রমের চাল উড়ে গেছে

আপডেট : ০৭ মে ২০২১, ২২:৩১

গোপালগঞ্জ প্রতিনিধি

ঘূর্ণিঝড়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের হাইশুর বৃদ্ধাশ্রম লন্ডভন্ড হয়ে গেছে। ঐ বৃদ্ধাশ্রমের তিনটি সেডের টিন ঘূর্ণিঝড় উড়িয়ে নিয়ে গেছে। ঝড়ে বৃদ্ধাশ্রম ক্ষতিগ্রস্ত সেখানে আশ্রিত বৃদ্ধ ও বৃদ্ধারা অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন ঐ বৃদ্ধাশ্রমের সেবক আশুতোষ বিশ্বাস। হাইশুর বৃদ্ধাশ্রমের সেবক ও প্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাস বলেন, ১৯৯৬ সালে বৃদ্ধাশ্রমটি গড়ে তুলি। শুরু থেকেই এখানে ২৩ জনের থাকার ব্যবস্থা করি। বয়সের ভারে অনেকেই এ বৃদ্ধাশ্রমে মারা গেছেন। আবার নতুন করে বৃদ্ধ-বৃদ্ধা এসেছেন। এভাবে ২৫ বছর ধরে বৃদ্ধাশ্রম চালাচ্ছি। ভিক্ষা করে আমি এ বৃদ্ধাশ্রমের কাজ শুরু করি। এর পাশাপাশি প্রশাসন, দেশের গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবকরা এ বৃদ্ধাশ্রমে সাহায্য-সহযোগিতা করেছেন। বুধবারের ঝড়ে বৃদ্ধাশ্রমের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃদ্ধাশ্রমের নিবাসীরা মন্দিরে আশ্রয় নিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃদ্ধাশ্রম পরিদর্শন করে সাহায্য-সহযোগিতা করেছেন। এখন এটি সংস্কারের কাজ শুরু করেছি। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায় বলেন, বৃদ্ধাশ্রমটি পরিদর্শন করেছি। সেখানে চাল ও শুকনা খাবার দিয়েছি। সেই সঙ্গে সংস্কারের জন্য ১ লাখ টাকা অনুদান দিয়েছি। এছাড়া গোপালগঞ্জ-১ আসনের সংসদ লে. কর্নেল ফারুক খান এ বৃদ্ধাশ্রমে ১০ হাজার টাকার অনুদান দিয়েছেন। কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর বলেন, উপজেলা পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত বৃদ্ধাশ্রমে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করব।