মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের অবস্থা সংকটাপন্ন। কয়েকটি অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল বলে দাবি করেছে তার দল ডেমোক্রেটিক পার্টি। দেশটির প্রভাবশালী এই রাজনীতিকের ওপর হামলার ঘটনায় তদন্তে সহায়তা করতে মালদ্বীপে আসছে অস্ট্রেলিয়ার একটি তদন্ত দল। মালদ্বীপের পুলিশ এটা সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে। খবর আলজাজিরা ও আনন্দবাজার পত্রিকার
বৃহস্পতিবার রাজধানী মালের একটি ব্যস্ত এলাকায় হামলার ঘটনা ঘটে। বাড়ির পাশে গাড়িতে উঠছিলেন মোহাম্মদ নাশিদ। এই সময় পাশে রাখা একটি মোটরবাইকে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। এই সময় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন পার্লামেন্টের স্পিকার নাশিদ। দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার করে এডিকে হাসপাতালে ভর্তি করা হয়। গাড়ি বিস্ফোরণ ঘটিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা হয়েছিল অভিযোগ করেছেন তার দলের এক নেতা। বিষয়টি তদন্ত করেও দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার বিকালে এডিকে হাসপাতাল কর্তৃপক্ষ টুইটারে জানিয়েছে, নাশিদের কয়েকটি সফল অস্ত্রোপচার হয়েছে। তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। তার মাথা, বুক, পেট এবং বিভিন্ন অঙ্গে বিস্ফোরণের আঘাত রয়েছে। নাশিদের ভাই নাজিম সাত্তার জানিয়েছেন, অস্ত্রোপচার হয়েছে। সুস্থ হতে তার দীর্ঘ সময় লাগবে। নাশিদের অন্তত তিন জন দেহরক্ষী এবং তার সঙ্গে থাকা আরো দুই ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি।
মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ নাশিদকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তিনি দলের জরুরি বৈঠক ডেকেছেন। কিছু গণমাধ্যম জানিয়েছে, পার্লামেন্টের জরুরি অধিবেশন ডাকা হয়েছে। এর আগে টুইটার বার্তায় প্রেসিডেন্ট জানিয়েছিলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মোটরবাইকে আইইডি বাঁধা ছিল। প্রেসিডেন্ট সোলিহ জানিয়েছেন, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে সহায়তার জন্য শনিবার (আজ) অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধি দল আসছে বলে প্রেসিডেন্ট জানিয়েছেন।
