মিরপুরে প্রতিরাতে কান্না! রহস্য উদ্ঘাটন করল পুলিশ

আপডেট : ০৮ মে ২০২১, ০০:২৯

রাজধানীর মিরপুর ২ নম্বর সেকশনে দীর্ঘদিন ধরে গভীর রাতে কান্নার শব্দ শুনতে পাচ্ছিল এলাকাবাসী। তবে কান্নার উত্স খুঁজে পাচ্ছিল না কেউ। সম্প্রতি বাংলাদেশ পুলিশের ফেসবুক  পেজে এ তথ্য জানান স্থানীয় এক জন। পুলিশ এ কান্নার রহস্য উদ্ঘাটনে গিয়ে দেখতে পেল এক ব্যক্তি প্রতিরাতে তার পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে পেটায়। পুলিশ নির্যাতনকারীকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মিরপুর থানায় মামলা হয়েছে।

ঘটনার বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা জানান, মিরপুর থেকে পুলিশের পরিচালিত ‘বাংলাদেশ পুলিশ’ ফেসবুক পেজে ইনবক্সে মেসেজে জানানো হয়, একটি নির্মাণাধীন আবাসিক প্রকল্পে রাতের বেলা প্রায়ই কান্নার শব্দ আসে। কয়েক দিন চেষ্টা করেও কেউ কান্নার উত্স জানতে পারেননি। এই পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর থেকে কান্নার রহস্য উদ্ঘাটনের দায়িত্ব দেওয়া হয় মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমানকে। ওসির নেতৃত্বে সাদা  পোশাকের একটি দল ঐ নির্মাণাধীন প্রকল্পে যায়। প্রথম দিন কিছু না পেয়ে দলটি পরপর দুই দিন রাতের বেলা ঐ এলাকায় যায়। অবশেষে গত বৃহস্পতিবার রাতে তারা দেখতে পায়, হাউজিং কমপ্লেক্সের ভেতরে পরিত্যক্ত একটি বিল্ডিংয়ে এক ব্যক্তি তার স্ত্রী ও শিশু সন্তানদের নিয়ে থাকেন। প্রতি রাতে তিনি তার সন্তানদের হাত-পা বেঁধে মারপিট করেন। এছাড়াও স্ত্রীকেও নানা সময় নির্যাতন করেন তিনি। দূর থেকে সেই চিত্কার ও কান্নার শব্দ শোনা যায়। পরে স্ত্রী ও শিশুদের অভিযোগের ভিত্তিতে ঐ ব্যক্তিকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, নির্যাতনকারী ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর। তার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে। ঢাকায় থাকার জায়গা না পেয়ে গোপনে দুই শিশু ও স্ত্রী নিয়ে পরিত্যক্ত ঐ ভবনে থাকতেন তিনি।