রাউজানে সরকারি নির্দেশনা না মানায় ৬ মার্কেট বন্ধ

আপডেট : ০৮ মে ২০২১, ০৩:০৯

চট্টগ্রামের রাউজানে সরকার ঘোষিত মার্কেট বন্ধ সংক্রান্ত সময়সীমা পালন না করায় ৬টি শপিং সেন্টারকে বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার রাত ১১টায় এই পদক্ষেপ নেয় প্রশাসন।

এর আগে মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় সারাদিনে অর্ধ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়।
 
জানা যায়, করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে গত বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক অভিযান চালাচ্ছে প্রশাসন। সরকারি বিধিনিষেধ না মেনে মার্কেট খোলা রাখায় নোয়াপাড়া পথেরহাট ও পাহাড়তলীর ৬টি শপিং সেন্টারকে তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হয়। মার্কেটগুলো হচ্ছে-পথের হাটের আমিন মার্কেট, খায়েজ শপিং সেন্টার, ভারতেশ্বরী মার্কেট এবং পাহাড়তলীর রহমান প্লাজা, জব্বার মার্কেট, আল মক্কা কমপ্লেক্স ও মকবুল টাওয়ার মার্কেট।

এর আগে, দিনের বেলায় চট্টগ্রাম কাপ্তাই সড়কের নোয়াপাড়া অংশে মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করে পুলিশ। অবশ্য এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান সবাই। এ সময় করোনা সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমেও অংশগ্রহণ করেন তারা।

এ বিষয়ে এএসপি আনোয়ার হোসেন শামীম জানান, সরকার থেকে যেসব স্বাস্থ্যবিধির কথা ঘোষণা করা হয়েছে, আমরা  সেগুলোর যথাযথ প্রতিপালন নিশ্চিত করতে কাজ করছি। 

ইত্তেফাক/কেকে