যশোর শহরের শেখহাটি জামরুলতলায় কামাল হোসেন বাবু (৪৫) নামে এক প্রতিবন্ধী দোকানিকে শ্বাসরোধে হত্যার পর নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে। শুক্রবার ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর থেকে তার মুখ ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। নিহত কামাল যশোর সদরের তরফ নওয়াপাড়া এলাকার মৃত শাহাদত্ ফকিরের ছেলে।
নিহতের ভাই আব্দুর রহিম জানান, বেচাকেনা শেষে রাতে দোকানের মধ্যেই ঘুমান কামাল। শুক্রবার দোকান খুলতে দেরি করায় পরে ভেঙে ভেতরে ঢুকে তার মরদেহ পাওয়া যায়। তিনি জানান, কামালের জন্ম থেকেই পা দুটি বাঁকা। তিনি জামরুলতলা স’ মিলের পাশে মুদি কাম চায়ের দোকান চালাতেন। এছাড়া স্থানীয়ভাবে পরিচালিত সমিতির ক্যাশিয়ারের দায়িত্ব পালন করতেন। ঘটনার রাতে তার কাছে ওই সমিতির একলাখ টাকা জমা হয়।
স্থানীয় তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাহাবুল আলম জানান, পুলিশ এসে কামালের মরদেহ দোকানের মেঝেতে পড়ে থাকতে দেখে। তার মুখ স্কচটেপ দিয়ে আটকানো ছিল। এছাড়া হাত-পা বাঁধা এবং গলা স্যালাইনের পাইপ দিয়ে বাঁধা ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যার পর দোকানে থাকা নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
