সৎ ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

আপডেট : ০৮ মে ২০২১, ১৮:১৮

গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে আরিফ শেখ (২৪) নামের এক যুবক খুন হওয়ার ঘটনা ঘটেছে। একই ঘটনায় বুলবুল শেখ (৩০) ও বাবুল শেখ (৩৫) নামের আরো দুইজন আহত হয়েছে। 

নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দু’জনই উত্তরার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এদের মধ্যে বুলবুল শেখের অবস্থা আশঙ্কাজনক। 

শনিবার (০৮ মে) ভোরে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের আজমতপুর এলাকার সালদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন, থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম ও এসআই সাদেকুর রহমান।    

নিহত আরিফ শেখ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের আজমতপুর এলাকার সালদিয়া গ্রামের শরাফউদ্দিনের ছেলে। তিনি গাজীপুর মেট্রোপলিটন কলেজে অনার্স পড়ছেন এবং গাজীপুর মহানগরীর হাড়িনাল এলাকায় ভাড়া থেকে জুতার ব্যবসা করেন। আহতরা তার আপন দুই সহোদর। তারা বাড়িতে কৃষি কাজ করেন। 

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, পারিবারিক বিরোধের জেরে ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।  

ইত্তেফাক/এসজেড