বিশ্ব ইজতেমার তারিখ পরে ঘোষণা করা হবে

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২২:৩৫

বিশ্ব ইজতেমা স্থগিত হয়নি। তাবলীগ জামাতের দুই পক্ষের সমঝোতা ও নির্বাচন কমিশনের পরামর্শে পরবর্তীতে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হবে। গতকাল শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তার বিষয়ে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় তাবলীগ জামাতের কেন্দ্রীয় শুরা সদস্য দিল্লীর মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি’র বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার লক্ষ্যে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের দেওবন্দে যাবার সিদ্ধান্ত হয়। প্রতিনিধি দল দেওবন্দ থেকে এলে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে এবং নির্বাচন কমিশনের পরামর্শক্রমে ১১তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সময়ের সাথে সমন্বয় করে বিশ্ব ইজতেমার একটি তারিখ ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। -সংবাদ বিজ্ঞপ্তি