নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশ স্মৃতিপদক ও নৃত্যানুষ্ঠান

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২০:০০

নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশ স্মৃতিপদক প্রদান অনুষ্ঠান ২০১৯ ও শ্রেষ্ঠ নৃত্য শিক্ষার্থী  ২০১৮ উপলক্ষে নৃত্যানুষ্ঠান ‘সুরে সুরে তালে তালে ছন্দে’ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করে আমরা ক’জন শিল্পীগোষ্ঠী। অনুষ্ঠানের শুরুতেই নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশের আত্মার প্রতি শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। ‘আনন্দ ধারা বহিছে ভুবনে’ গানের সঙ্গে দলীয় নৃত্যের মধ্যে দিয়ে আব্দুস সামাদ পলাশ স্মৃতিপদক প্রদান অনুষ্ঠানে বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক বজলুল করিম বাহারকে বরণ করে নেয় সংগঠনের শিল্পীরা।

আনন্দঘন, আলো ঝলমল সন্ধ্যায় সংবর্ধিত ব্যক্তিকে উত্তরীয় পরিয়ে দেন আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা ও দৈনিক করতোয়ার সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু। ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। এ সময় শ্রেষ্ঠ নৃত্য শিক্ষার্থী হিসেবে মার্জিয়া সুলতানা মেঘাকে আব্দুস সামাদ পলাশ স্মৃতিপদক প্রদান করা হয়। উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) আমিরুল ইসলাম। মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, বগুড়া জেলা পরিষদের সদস্য মাফুজুল ইসলাম রাজ ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বগুড়া জেলা শাখার সভাপতি জর্জেট বুলবুল ব্যাপারী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অনামিকা পাল, সরকারি মজিবুর রহমান মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লায়ন দেবদুলাল দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সহ-সভাপতি গৌতম কুমার দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলাসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

এরপর অতিথিরা সংগঠনের নৃত্য বিভাগের ৪ বছরের সার্টিফিকেট কোর্সে প্রথমবর্ষ পরীক্ষা ২০১৮ সালের স্কুল শাখায় প্রথম অস্মিতা রায়, দ্বিতীয় আলম নোমা, তৃতীয় আদিবা। খ শাখায় প্রথম ক্লাউদিয়া মার্টিন পূর্ণতা, দ্বিতীয় গেধূলী কর্মকার, তৃতীয় রূপন্তী দাশ। গ শাখায় প্রথম অনুশা রায়, দ্বিতীয় নুসরাত সারোয়ার দিয়া, তৃতীয় জাওয়াদ সাকির স্বচ্ছ। ঘ শাখায় প্রথম তিথী দাস নদী, দ্বিতীয় নওশিন সাইয়ারা নুহা, তৃতীয় অনন্যা বসাক। সিনিয়র ‘ক’ শাখায় প্রথম মার্জিয়া সুলতানা মেঘা, দ্বিতীয় সামিরা জাহান অলঙ্কার, তৃতীয় নাফিসা নোশিন খান ঐশ্বর্য্য। সিনিয়র ‘খ’ শাখায় প্রথম সুরাইয়া মোস্তারী অন্তি, দ্বিতীয় দিপা মনি দাস প্রিয়ার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সম্মাননা প্রাপ্ত শিল্পীরা তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। মাহাবুব হাসান সোহাগের পরিচালনায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন আব্দুল মোবিন জিন্নাহ ও তানজিনা সেলিম। আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর শিল্পীদের অনবদ্য নৃত্য পরিবেশনা ও নূপুর নিক্কনে উপস্থিত শ্রোতা-দর্শকরা বিমুগ্ধ হন।