সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে ৮০০ টাকা দামের সোলার প্যানেলের ব্যাটারি চুরিতে বাধা দেওয়ায় গ্রাম পুলিশ আব্দুর রউফকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। শনিবার দুপুরে পৌর শহরের মল্লিকপুর এলাকায় র্যাব ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ র্যাব ক্যাম্প সিপিসি ৩-এর অধিনায়ক লে. কমান্ডার সিঞ্চন আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, গত ৬ মে রাতে তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বোরোখাড়া গ্রামে আব্দুর রউফ নামের এক গ্রাম পুলিশকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় শনিবার ভোর রাতে হলহলিয়া গ্রামের আব্দুল হেকিম ও বোরোখাড়া গ্রামের এনামুল হককে আটক করে র্যাব। পরে আটককৃতদের তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়। এ দিকে তাহিরপুরে গ্রাম পুলিশ সদস্য হত্যাকাণ্ডে জড়িত ইয়াসিন মিয়া নামের এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি মো. আব্দুল লতিফ তরফদার বলেন, আসামি ইয়াসিনকে রিমান্ডে নেওয়ার পর এ হত্যাকাণ্ডে অন্যদের জড়িত থাকার ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।
