প্রশিক্ষণ নিচ্ছেন হাওরের নারীরা

আপডেট : ১০ মে ২০২১, ০০:২২

  মহিলা অঙ্গন প্রতিবেদক

 

সম্প্রতি ইটনা উপজেলা কমপ্লেক্সের অডিটোরিয়ামে হাওরের নারীদের জীবনযাত্রার মানউন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম, বাজিতপুর, নিকলী, ইটনা, মিঠামইন উপজেলার নারীদের জীবনযাত্রার মানউন্নয়নে আয় বৃদ্ধিমূলক এ প্রশিক্ষণ প্রদান শুরু হয়েছে। কিশোরগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় মোট ১৫ হাজার নারীকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। পাট ও পাটজাত দ্রব্য তৈরি ও কাগজের ঠোঙ্গা তৈরি, ভেজিটেবল ডাইকরণ, জৈব জ্বালানি ব্যবহার, হাঁস-মুরগি পালন, স্যানিটারি প্যাড ও ন্যাপকিন তৈরি বিষয় প্রশিক্ষণ দেওয়া হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কর্মসূচি পরিচালক হাসিনা আকতার খানমের দায়িত্বে এই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক এমপি। অনুষ্ঠানে বক্তরা আশাবাদ ব্যক্ত করেন, এসব প্রশিক্ষণ হাওরের নারীদের জীবনে অর্থনেতিক সচ্ছলতা আনবে এবং নারীরা প্রশিক্ষণ নিয়ে দেশে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্র প্রস্তুত করবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও সূর্যকন্যা নারী উন্নয়ন সমিতির মাধ্যমে এই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নিজের অর্থনৈতিক উন্নতিতে নিজের সম্পর্কে সজাগ হবে এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠা করবে। নারীরা তাদের সংসার, সন্তান, নিজের স্বাস্থ্য পরিচর্যার মাধ্যমে সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে পারবে। এই প্রশিক্ষণ গ্রহণে অনেক সুবিধা পাবে নারীরা। ইতিপূর্বে অষ্টগ্রাম উপজেলার ১০টি কোর্সে প্রশিক্ষণ শেষ হয়েছে। উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মসূচির কর্ণধার সূর্যকন্যা নারী উন্নয়ন সমিতির সভাপতি উম্মে ফাতেমা চান্নী অনুষ্ঠানে প্রশিক্ষণের বিষয় তুলে ধরেন।