n ফয়জুল আল আমীন
উত্সবের আনন্দকে বাড়িয়ে তুলতে ছেলেদের পছন্দের তালিকায় থাকে পাঞ্জাবি। ঈদে নিজের পছন্দসই পাঞ্জাবি পেতে হলে আপনাকে একটু ঘুরেফিরেই কিনতে হবে। ঈদকে সামনে রেখে আমাদের দেশীয় ফ্যাশন হাউজগুলো বরাবরের মতো সাজিয়েছে পাঞ্জাবির পসরা। পাঞ্জাবি যেন হয়ে উঠেছে ডিজাইনারের সাদা ক্যানভাস। ফ্যাশন হাউজগুলোর পাঞ্জাবির সংগ্রহে থাকছে নতুন নকশা, নতুন রং। কাটিংয়েও এসেছে পরিবর্তন। বাজার দখল করে আছে শর্ট আর সেমি লং পাঞ্জাবি। পাঞ্জাবিতে ভিন্ন মাত্রা যোগ করছে দেশীয় ফ্যাশন হাউজগুলো—এ ব্যাপারে সন্দেহ নেই। তবে ফ্যাশন হাউজগুলোর পাশাপাশি নগরীতে বেশকিছু মার্কেট রয়েছে, সেগুলোতে বিভিন্ন রকম নিত্যনতুন ডিজাইনের পাঞ্জাবি পাওয়া যায়। বর্ষার ম্যাড়ম্যাড়ে আবহাওয়াকে দূর করতেই যেন রঙিন সব কাপড় ব্যবহার করা হচ্ছে পাঞ্জাবিতে। লাল, খয়েরি, কমলা, নীল, কালো, সাদা, ছাই, হালকা সবুজ বেগুনি ইত্যাদি রঙের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে বিভিন্ন মার্কেটে এবং এ সকল আধুনিক কাটছাঁটের পাঞ্জাবির দাম নির্ভর করছে এর কারুকাজের ওপর। এবারের ঈদের পাঞ্জাবির কাপড়ের মধ্যে রয়েছে খাদি, মটকা, সুতি, রাজশাহী সিল্ক, আদি মহিশুর সিল্ক, অ্যান্ডি সিল্ক, প্রিন্স সামসী, কুশান, কাসিস, খানশা, শাহজাদা আদি, জয়শ্রী সিল্ক, অ্যান্ডি কটন, ইন্ডিয়ান সিল্ক, জাপানি ইউনিটিকা, তসর, সামু সিল্ক, ধুতিয়ান, ইন্ডিয়ান চিকেনসহ আরও নানা ধরনের কাপড়। বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবির জন্য আপনি ঢুঁ মারতে পারেন ইয়ালো, ইজি, কে ক্র্যাফট, অঞ্জন’স, বিশ্বরঙ, জেন্টলপার্ক, ক্যাটস আইসহ অন্যান্য দেশীয় ফ্যাশন হাউজের আউটলেট অথবা তাদের ওয়েবসাইটে।
পোশাক ও ছবি ইজি
