পারমাণবিক কর্মসূচি সম্পর্কে আরও স্বচ্ছতা বজায় রাখতে রাশিয়া ও চীনের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অভিযোগ রাশিয়া ও চীন তাদের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে পুরোপুরি তথ্য প্রকাশ করে না। এ প্রেক্ষাপটে ওয়াশিংটন একটি গুরুত্বপূর্ণ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে বেরিয়ে আসার হুমকি দিয়েছে। খবর এএফপি
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য পরমাণু নিরস্ত্রীকরণ ও অস্ত্র বিস্তার রোধ বিষয়ে আলোচনার জন্য বেইজিংয়ে বৈঠকে মিলিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সিনিয়র এক কর্মকর্তা এমন আহবান জানালেন। অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি আন্দ্রিয়া থমসন বলেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির আওতায় আরো স্বচ্ছতার প্রচেষ্টার প্রেক্ষিতে ‘অসঙ্গত ফল’ পাওয়া গেছে।
