যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চল তীব্র শীতে বিপর্যস্ত

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২১:৪৮

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরে সপ্তাহজুড়েই তীব্র শীত ও ঠান্ডা বাতাসের ঝাপটা থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। কোথাও কোথাও তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে বলেও আশঙ্কা তাদের। ঠান্ডা বাতাসের ঝাপটায় গ্রেট লেক অঞ্চলের উত্তরে তাপমাত্রা অনুভূত হতে পারে মাইনাস ৬৫ ডিগ্রি সেলসিয়াসের মতো। ভয়াবহ এ শীত এরই মধ্যে মিনেসোটা অঙ্গরাজ্যের এক ব্যক্তির প্রাণ কেড়ে নিয়েছে বলে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে। অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। ডাক বিভাগের স্বাভাবিক কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে হাজারো ফ্লাইটের উড্ডয়ন বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত এ ভয়াবহ ঠান্ডা থাকবে বলে পূর্বাভাসে ধারণা দিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। মধ্য-পশ্চিমাঞ্চল  ও নিউ ইংল্যান্ডের প্রায় ৯ কোটি মানুষকে শূন্য ডিগ্রি কিংবা তার নিচের তাপমাত্রার মুখোমুখি হতে হচ্ছে। এর মধ্যে আড়াই কোটি লোককে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রার সঙ্গে লড়তে হবে। তীব্র এ শীতের সঙ্গে ঠান্ডা বাতাস কয়েক মিনিটের মধ্যেই যে কাউকে ‘ফ্রস্টবাইটে’ আক্রান্ত করতে পারে বলেও সতর্ক করেছে মার্কিন আবহাওয়া বিভাগ। শিকাগোর সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ছিল মাইনাস ২৭ ডিগ্রি সেলসিয়াস। ১৯৮৫ সালের ২০ জানুয়ারির এ রেকর্ড এবার ভেঙে যেতে পারে বলেই অনুমান অনেকের।