একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশের মতো নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনেও বইছে নির্বাচনী হাওয়া। বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। ফলে দলীয় প্রার্থী নির্ধারণ করার ব্যাপারে সংসদীয় এলাকার নেতাকর্মীদের চাওয়া পাওয়া নিয়ে চলছে হিসেব-নিকেশ। নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রদানের ক্ষেত্রে কর্মীদের পাশে থাকা নেতাকে বিবেচনা করা হবে বলে আশা করছেন আড়াইহাজার বিএনপির নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী সময়ে এই আসনের সংসদ সদস্য ছিলেন বিএনপি নেতা আলহাজ আতাউর রহমান খান আঙ্গুর। তখন এই আসনটি বিএনপির জন্য নির্ধারিত বলেই পরিচিত ছিল। টানা কয়েক মেয়াদ ধরে নারায়ণগঞ্জ-২ আসনটি বিএনপির দখলেই ছিল। পরবর্তীতে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এই আসনটি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু আওয়ামী লীগের দখলে নেন। একই সাথে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন বাবু।
এরই মধ্যে ঘনিয়ে এসেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার তিনদিন পর বিএনপি মনোনয়ন ফরম বিক্রি করা শুরু করেছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ-২ আসন থেকে বিএনপি দলীয় মনোনয়নের প্রত্যাশায় মনোনয়ন ফরম ক্রয় করেছেন সাবেক এমপি আলহাজ আতাউর রহমান আঙ্গুর, বিএনপি’র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমন।
সাবেক এমপি আলহাজ আতাউর রহমান খান আঙ্গুর বলেন, আমি এমপি থাকাকালীন সময়ে আড়াইহাজারে ৫৬টি নতুন রাস্তা নির্মাণ করেছি, ৩৫০ কি.মি. রাস্তা পাকা করেছি, ভুলতা থেকে মেঘনা ঘাট পর্যন্ত এবং আড়াইহাজার থেকে জাঙ্গালীয়া রাস্তা প্রশস্ত করেছি। আড়াইহাজার ও গোপালদীতে গ্যাস এনে দিয়েছি। এজন্য শিল্প প্রতিষ্ঠান বৃদ্ধি পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এবং বেকারত্ব দূর হয়েছে। শিক্ষার্থীরা যাতে কম খরচে লেখাপড়া করতে পারে সেজন্য সফর আলী কলেজকে সরকারিকরণ করেছি। আশা করি দলীয় মনোনয়ন আমিই পাব।
নারায়ণগঞ্জ-২, আড়াইহাজার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, আমার শতভাগ বিশ্বাস ধানের শীষ প্রতীক আমিই পাব। তিনি বলেন, বিএনপির হাইকমান্ড আমাকে নির্দেশ দিয়েছে আড়াইহাজারবাসীর কল্যাণে কাজ করার জন্য। আমিও দিনরাত তাদের জন্য সাধ্যমত কাজ করে যাচ্ছি। এলাকাবাসী যদি মনে করে আমি তাদের জন্য কাজ করছি তাহলে তারাই আমার অবস্থা নির্ধারণ করবে। তিনি বলেন, বিগত ১০/১২ বছরে বিএনপির অনেক নেতাকর্মীকে মিথ্যা মামলা থেকে জামিন করিয়েছি এবং এখনও মামলার ব্যয় নিজে বহন করছি। কর্মীদের সংসারের খোঁজ-খবরও রাখছি।
আড়াইহাজার থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান (সুমন) বলেন, আমার বাবা মরহুম বদরুজ্জামান খান খসরু সারাজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। তাই আমি বাবার এই আদর্শকে বুকে ধারণ করে বাবার তথা পুরো আড়াইহাজারবাসীর স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। বাবা আশির দশকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। আশা করি আমিই বিএনপির মনোনয়ন পাব।
