দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার পাকিস্তান ও রাশিয়ার

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২১:৪৮

পাকিস্তান ও রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করেছে। রুশ প্রেসিডেন্টের আফগান বিষয়ক বিশেষ দূত ও দেশটির পররাষ্ট্র দপ্তরের সেকেন্ড এশিয়ান ডিপার্টমেন্টের পরিচালক জামির কাবুলোভ বার্তা সংস্থা তাসকে একথা বলেন।

কাবুলোভ বলেন,‘সামপ্রতিক বৈঠকে আমরা দু’পক্ষই অত্যন্ত সন্তুষ্ট।’ তিনি বলেন, ‘পাকিস্তানের অংশীদাররা আরো একবার রাশিয়ার সঙ্গে নিবিড়ভাবে সহযোগিতা ও সম্পর্ক জোরদারের ব্যাপারে তাদের দৃঢ়প্রত্যয় নিশ্চিত করেছে। তারা আমাদের সঙ্গে দ্বিপক্ষীয় ইস্যু ছাড়াও আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একসাথে কাজ করতে চায়।’ তিনি আরো বলেন, ‘আমরা আফগানিস্তানকে ঘিরে যা হচ্ছে সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।’ বিশেষভাবে দোহায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে তালেবান প্রতিনিধিদের বৈঠকের ব্যাপারে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, রাশিয়া তালেবানকে অবৈধ সংগঠন মনে করে। যুক্তরাষ্ট্র ও তালেবানের বৈঠকের ফলাফল সম্পর্কে পাকিস্তান ও রাশিয়া কেউই কিছু জানে না। কাবুলোভ জানান, দু’পক্ষের মধ্যে ওই বৈঠক সম্পর্কে আফগানিস্তানের জাতীয় ঐক্য বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধির মন্তব্যে ‘সম্পূর্ণ চিত্র ফুটে ওঠেনি।’ আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তান প্রয়োজনীয় সহায়তা করছে না বলে যুক্তরাষ্ট্র সমপ্রতি অভিযাগ করেছে এবং এ প্রেক্ষিতে অর্থনৈতিক সহায়তা বন্ধেরও হুমকি দিয়েছে।