ঢাকাকে হারিয়ে সেরা চারে মুশফিকরা

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২১:৪৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের শুরুতে দাপট দেখিয়েছিল ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস। ছুটতে থাকা এই দুই দল টুর্নামেন্টের মাঝপথে এসে দেখল মুদ্রার উল্টো পিঠ। অবশেষে পরাজয়ের বৃত্ত ভাঙতে সমর্থ হয়েছে চিটাগং এবং বৃত্ত ভাঙার সেই চ্যালেঞ্জ জিতেছে চিটাগং গতকাল ঢাকার বিপক্ষে। আর তাতেই ঢাকার সামনে হারের অন্ধকার আরও ঘনীভূত হয়েছে।

গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকাকে ১১ রানে পরাজিত করেছে চিটাগং। টানা তিন হারের পর জয়ের দেখা পেল চিটাগং। অন্যদিকে ঢাকার এটি টানা চতুর্থ হার। এই জয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্সের পর তৃতীয় দল হিসেবে বিপিএলের সেরা চারে জায়গা নিশ্চিত করেছে চিটাগং। রংপুরের মতোই চিটাগংয়ের ঝুলিতে আছে ১১ ম্যাচে সাতটি জয়। ১০ ম্যাচে সমান সংখ্যক জয় আছে কুমিল্লার।

তিন দল নিশ্চিত হওয়ায় সেরা চারে বাকি থাকছে আর একটি স্থান। যেই স্থানের লড়াইয়ে এগিয়ে থাকছে ঢাকা। ১০ ম্যাচে সাকিবদের জয় পাঁচটি। প্লে-অফে খেলতে হলে নিজেদের শেষ দুই ম্যাচের অন্তত একটি জিততেই হবে তাদের।

সাগরিকায় গতকাল লড়াইটা বেশ জমজমাটই হয়েছে। আন্দ্রে রাসেলের হ্যাটট্রিকের পরও পাঁচ উইকেটে ১৭৪ রানের পুঁজি গড়ে চিটাগং। জবাবে অধিনায়ক সাকিবের হাফ সেঞ্চুরি সত্ত্বেও নয় উইকেটে ১৬৩ রানের বেশি যেতে পারেনি ঢাকা। চিটাগংয়ের ক্যামেরন ডেলপোর্ট ম্যাচ সেরার পুরস্কার পান।

টস জিতে ব্যাট করতে নামা চিটাগং ৮৮ রানে দুই উইকেট হারায়। শাহজাদ ২১, ইয়াসির আলী ১৯ রান করে আউট হন। তৃতীয় উইকেটে ডেলপোর্ট-মুশফিকের ৭৯ রানের জুটিতে লড়াইয়ের পুঁজি পায় দলটি। ইনিংসের শেষ ওভারে আন্দ্রে রাসেলের হ্যাটট্রিকে কিছুটা বাধা পায় স্বাগতিকরা। ওভারের প্রথম তিন বলে মুশফিক, ডেলপোর্ট ও দাসুন শানাকাকে আউট করে বিপিএলের চলতি আসরের তৃতীয় ও সবমিলিয়ে পঞ্চম হ্যাটট্রিক করেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার।

প্রথম বলে মুশফিক ক্যাচ দেন শুভাগত হোমের হাতে। পরের বলে ডেলপোর্টও একই ফিল্ডারের হাতে ক্যাচ তুলে ফিরেন। তৃতীয় বলে শানাকা তুলে মারতে গিয়ে মিজানুরের হাতে ক্যাচ দেন। অমিত মিশ্র, অ্যান্ড্রু টাইয়ের পর টি-টোয়েন্টি ফরম্যাটে তৃতীয় বোলার হিসেবে তিনটি করে হ্যাটট্রিকের মালিক হন আন্দ্রে রাসেল। ডেলপোর্ট ৫৭ বলে ৭১ রান (৫ চার, ৪ ছয়), মুশফিক ২৪ বলে ৪৩ রান করেন। আন্দ্রে রাসেল ৩৮ রানে তিনটি, নারিন দুটি করে উইকেট পান।

রান তাড়া করতে নেমে ৭৩ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে ঢাকা। ষষ্ঠ উইকেটে সাকিব-আন্দ্রে রাসেলের জুটিতে জয়ের পথেই হাঁটছিল ঢাকা। তাদের ৬৬ রানের জুটি ভাঙে আন্দ্রে রাসেল শানাকার শিকার হলে। শেষ দিকে আস্কিং রেট বেশি হয়ে পড়ায় সাকিবের হাফ সেঞ্চুরিও যথেষ্ট হয়নি। ১৯তম ওভারে সাকিব আউট হলে ঢাকা কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে। সাকিব ৪২ বলে ৫৩, আন্দ্রে রাসেল ৩৯, নুরুল হাসান সোহান ৩৩, মিজানুর ১১ রান করেন। চিটাগংয়ের আবু জায়েদ রাহী তিনটি, শানাকা দুটি, ডেলপোর্ট, নাঈম হাসান একটি করে উইকেট পান। 

সংক্ষিপ্ত স্কোর

চিটাগং ভাইকিংস     :     ২০ ওভারে ১৭৪/৫

ঢাকা ডায়নামাইটস   :     ২০ ওভারে ১৬৩/৯

ফল                      :     চিটাগং ভাইকিংস ১১ রানে জয়ী

ম্যাচ সেরা              :     ক্যামেরন ডেলপোর্ট (চিটাগং)