তাসমানিয়ান এলাকায় ভারতের প্রবল জয়যাত্রা চলছেই। অস্ট্রেলিয়া জয়ের পর নিউজিল্যান্ডে এসে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ৩টিই জিতে নিয়েছে বিরাট কোহলির দল। নিউজিল্যান্ড দল থেকে পর্যন্ত বলা হচ্ছে যে, এই ভারতীয় দলের সাথে ম্যাচ জেতা কঠিন একটা কাজ। এই অবস্থায় দুই দলের সামনে আছে দুটো অর্থহীন ম্যাচ। আর এই ‘মরা ম্যাচ’ দুটোতেই নিজেদের রিজার্ভ বেঞ্চকে যাচাই করে দেখতে চায় সিরিজ জিতে ফেলা ভারত।
প্রথম তিন ম্যাচে ভারতের বিপক্ষে কার্যত উড়ে গেছে নিউজিল্যান্ড। এই কথাটা স্বীকার করে নিচ্ছেন দলটির অলরাউন্ডার মিশেন স্যান্টনার। তিনি বলেছেন, ভারত প্রমাণ করে দিয়েছে, তারা সব কন্ডিশনেই এখন সেরা দল, ‘আমরা তিনটি খেলাতেই স্রেফ গুড়িয়ে গেছি। টানা তিনটি ম্যাচে এভাবে হারাটা অবশ্যই হতাশার। তবে আমরা খুব ভালো একটা দলের বিপক্ষে খেলছি। ভারত দেখিয়ে দিয়েছে, তারা সব ধরনের কন্ডিশনেই কতো ভালো দল। আমরা (তাদের থামানোর জন্য) যথেষ্ঠ ভালো ছিলাম না। তবে আমরা ইঙ্গিত দিতে পেরেছি যে, আস্তে আস্তে আমরা ভালো করছি।’
এদিকে ভারতের অবস্থা এখন সুখে আকাশে ওড়ার মতো। তাদের মূল একাদশের শক্তি চরম কন্ডিশনে ইতোমধ্যে পরীক্ষিত হয়ে গেছে। এদিকে তাদের রিজার্ভ বেঞ্চে রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ এবং সুভমান গিলের মতো তরুণ অপেক্ষা করছেন একটা সুযোগের জন্য। এই অবস্থায় দলটির ফিল্ডিং কোচ আর শ্রীধর সংবাদ মাধ্যমের সামনে এসে জানালেন, তারা বেঞ্চটা যাচাই করে দেখতে চান।
যদিও শ্রীধর বলছেন, মূলত জয়ের ধারায় থাকাটাই তাদের মূল লক্ষ্য। কিন্তু বিশ্বকাপের অল্প আগের এই সময়ে তারা বিকল্প খেলোয়াড়দের ম্যাচে সুযোগ দিয়ে দেখতে চান, ‘দেখুন, জেতাটা একটা অভ্যাসের ব্যাপার। আর আমরা অবশ্যই এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। একটা দলের বিপক্ষে আপনি যখন তিন ম্যাচে এগিয়ে থাকবেন, তখন এই ফর্মটা অবশ্যই ধরে রাখতে চাইবেন। একই সাথে আবার আমাদেরকে রিজার্ভ খেলোয়াড়দের কিছু খেলার সময় দেওয়া দরকার। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আর স্রেফ ৭টা ম্যাচ বাকী আছে। আমাদের এমন পরিস্থিতিতে পড়া ঠিক হবে যে, শুধু মূল একাদশই খেলায় অভ্যস্থ থাকলো; রিজার্ভরা সেভাবে ম্যাচ পেলো না। এরকম অবস্থায় এদের হঠাত্ করে বিশ্বকাপের কোনো গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতেও হতে পারে। আর আমরা এই সিরিজের বাকী দুই ম্যাচ থেকে এটাই অর্জন করতে চাই। জুন মাসের ইংল্যান্ডের কন্ডিশনে অভ্যস্থ হওয়ার জন্য এখনকার নিউজিল্যান্ডের চেয়ে ভালো জায়গা আর হতে পারে না।’ ভারত যখন রিজার্ভ বেঞ্চ বাজিয়ে দেখতে চাচ্ছে, তখন নিউজিল্যান্ড মনেপ্রাণে জয়ে ফিরতে চাচ্ছে। আজ হ্যামিলটনের ম্যাচটা জিতেই তারা এই ধারাটা শুরু করতে চায় বলে বললেন স্যান্টনার, ‘আমরা আগের ম্যাচে ভালো একটা জুটি পেয়েছি। আমার মনে হয়, বল হাতেও আমরা ভালোই করেছি। আমাদেরকে এই পারফরম্যান্স আরও ধারাবাহিকভাবে করে যেতে হবে। আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ বাকী আছে। আশা করি, এখানে আমরা জয় পাবো। আর সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা ওয়েলিংটনে যেতে পারবো।’
