গাজীপুর কর অঞ্চলের ৪ দিনব্যাপি আয়কর মেলা ২০১৮ শুক্রবার বিকালে শেষ হয়েছে। এবারের মেলায় রেকর্ড সংখ্যক ১২ হাজার ৮৭৩ জন করদাতা রিটার্ন দাখিল করেছেন। মেলায় কর আদায় হয়েছে প্রায় ৮ কোটি টাকা যা গত বছরের চেয়ে প্রায় দেড় কোটি টাকা বেশি।
শুক্রবার রাতে শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে আয়কর মেলা প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিং-এ গাজীপুর অঞ্চলের কর কমিশনার মো. আলী আজগর এ তথ্য জানান। তিনি আরো জানান, গাজীপুর ও টাঙ্গাইল অঞ্চল নিয়ে গাজীপুর কর অঞ্চল গঠিত হয়েছে। গত ২০১০ সাল থেকে শুরু হওয়া আয়কর মেলার কল্যাণে এ পর্যন্ত গাজীপুর অঞ্চলে আয়কর দাতার সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যক বেড়ে এক লাখ ৬৫ হাজারে দাঁড়িয়েছে। গত ২০১৭ সালের আয়কর মেলায় প্রায় ৮ হাজার করদাতা রিটার্ন দাখিল করেন। তাতে কর আদায় হয়েছিল প্রায় সাড়ে ৬ কোটি টাকা। প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন গাজীপুর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার শাহাদাত হোসেন সরকার, যুগ্ম কর কমিশনার মো. আবদুস সালাম ও উপ কর কমিশনার মো. আশরাফুল আলম প্রধান, কর পরিদর্শক মো. খাইরুল আলম প্রমুখ। গত ১৩ নভেম্বর থেকে আয়কর মেলা শুরু হয়।
