চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দুই লেগের কোনোটাতেই মাঠে থাকবেন না পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। কারণ, পায়ের পাতার ইনজুরি নিয়ে তিনি ছিটকে গেছেন মাঠের বাইরে।
গতকাল বুধবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে প্যারিসের ক্লাবটি। গেল সপ্তাহে স্ট্র্যাসবার্গের বিপক্ষে ফ্রেঞ্চ কাপের ম্যাচে ইনজুরিতে পড়েন নেইমার। ক্লাবটি জানিয়েছে, এই ইনজুরির কারণে মধ্য এপ্রিল অবধি তাকে মাঠের বাইরে থাকতে হবে।
এই সময়ের মধ্যে কমপক্ষে ১৪টি ম্যাচ নেইমারকে মাঠের বাইরে থাকতে হবে। এর মধ্যে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
পিএসএজির জন্য নেইমারের ছিটকে যাওয়া নিঃসন্দেহে বড় একটি দুঃসংবাদ। কারণ, এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড চলতি মৌসুমে ক্লাবের হয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে করেছেন ১৩টি গোল। এখানেই শেষ নয়, তিনি লিগ কাপে দু’টি ও চ্যাম্পিয়ন্স লিগে করেছেন পাঁচটি গোল।
ক্লাব অবশ্য আশ্বাস দিয়ে জানিয়েছে, নেইমারের দেখভালের দায়িত্বে আছেন একদল বিশ্বমানের ডাক্তার। তারা যত দ্রুত সম্ভব নেইমারকে মাঠে ফেরার উপযোগী করে তুলতে সব সময় পরিশ্রম করে চলেছেন।
তবে, নেইমারের এই ইনজুরি ব্রাজিলের কোপা আমেরিকা মিশনে কোনো প্রভাব ফেলবে না। কারণ, এবার ব্রাজিলের মাটিতে দক্ষিণ আমেরিকান ফুটবলের সবচেয়ে জমজমাট এ আসরটি শুরু হবে আগামী ১৪ জুন।
