২০২১ সালের কাপের পরিবর্তে ২০২৩ সালের নেশন্স কাপ ফুটবল টুর্নামেন্টটি আয়োজনে সম্মত হয়েছে আইভরি কোস্ট। মঙ্গলবার কর্মকর্তাদের সূত্রে এ কথা জানা গেছে। আফ্রিকান ফুটবল পরিচালনা সংস্থ সিএএফ এর সভাপতি আহমাদ আহমাদ ও আইভরিয়ান প্রেসিডেন্ট আলাসানে উত্তারার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্তটি নেয়া হয়েছে। বৈঠকে আইভরিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইএফ) কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ৫ বছর আগে ক্যামেরুন , আইভরি কোস্ট ও গায়ানাকে যথাক্রমে ২০১৯, ২০২১ ও ২০২৩ সালের টুর্নামেন্ট আয়োজক দেশ হিসেবে মনোনয়ন দেয়া হয়। কিন্তু প্রস্তুতিতে বিলম্বের কারণে ক্যামেরুনের কাছ থেকে আয়োজন অধিকার কেড়ে নেয়া হয়। এর পরিবর্তে নতুন আয়োজক হিসেবে নির্বাচিত করা হয়েছে মিশরকে। আগামী ২১ জুন শুরু হবে এ আসর। অপরদিকে ক্যামেরুনকে ২০২১, আইভরি কোস্টকে ২০২৩ ও গায়েনাকে ২০২৫ সালের আসরের আয়োজক হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।
