একসঙ্গে ৬ ডোজ টিকা দেওয়া হলো এক ইতালিয়ান নারীকে

আপডেট : ১১ মে ২০২১, ২১:২৩

২৩ বছর বয়সি এক ইতালিয়ান নারীকে ভুলবশত ফাইজারের করোনা ভ্যাকসিনের ছয় ডোজ একত্রে দেওয়া হয়েছে। রবিবার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। তবে এতে তার শরীরে মারাত্মক কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ শেষে পরদিন তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সিবিএস নিউজ

চিকিত্সকরা জানান, সতর্কতা হিসেবে তাকে তরল খাদ্য এবং জ্বরনাশক ওষুধ দেওয়া হয়েছিল। ঐ হাসপাতালের সংক্রামক ব্যাধি বিভাগের পরিচালক ডা. আন্তোনেলা ভিনসেন্তি বলেন, নিশ্চিতভাবে এবারের মতো তার শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাবে না। গবেষণা বলছে, ফাইজারের ভ্যাকসিন পাঁচ ডোজ পর্যন্ত একত্রে নিলেও তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। ইসরাইল এবং জার্মানিতে এ ধরনের ঘটনা ঘটেছে। এতে ভয়ংকর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। ডা. ভিনসেন্তি আরো বলেন, ঐ নারীর কোনো জ্বর কিংবা টিকা প্রয়োগের স্থানে ব্যথা ছাড়া অন্য কোনো সমস্যা হয়নি। তিনি একটু ভয় পেয়েছিলেন সেজন্য সকাল পর্যন্ত তাকে হাসপাতালে রাখা হয়েছিল।