সংসদের বাজেট অধিবেশন শুরু ২ জুন

আপডেট : ১১ মে ২০২১, ২১:৫৯

ইত্তেফাক রিপোর্ট

চলতি একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন শুরু হচ্ছে আগামী ২ জুন বুধবার বিকাল ৫টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে গতকাল এই অধিবেশন আহ্বান করেছেন। এটি হবে চলতি বছরের বাজেট অধিবেশন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনের দ্বিতীয় বৈঠকে, অর্থাত্ ৩ জুন বৃহস্পতিবার সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। পরে অধিবেশন জুড়ে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। গত বছর বাজেট অধিবেশন শুরু হয়েছিল ১০ জুন।

বাজেট অধিবেশন সাধারণত দীর্ঘ হয়। তবে করোনা ভাইরাস মহামারির মধ্যে গত বছর বাজেট অধিবেশন সংক্ষিপ্ত হয়। ৯ কার্যদিবসের ঐ অধিবেশন ছিল ইতিহাসের সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন। জানা গেছে, মহামারিকালের এবারের বাজেট অধিবেশনও সংক্ষিপ্ত হবে। মহামারিকালে অনুষ্ঠিত অন্য অধিবেশনগুলোর মতো এবারও স্বাস্থ্যবিধি মেনেই অধিবেশন বসবে।