বান্দরবানে সেনাবাহিনীর অভিযান

দুইটি রাশিয়ান এসএমজি, গুলি উদ্ধার

আপডেট : ১২ মে ২০২১, ০০:২৭

বান্দরবানে রুমা সেনা জোনের সেনা সদস্যরা সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মিনঝিরি পাড়া এলাকায় পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে দুইটি রাশিয়ান এসএমজি উদ্ধার করেছে। সশস্ত্র দলটি সম্প্রতি দরিদ্র জনসাধারণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ত্রাস সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছিল। 

গোপন সংবাদের ভিত্তিতে রুমা জোনের একটি বিশেষ অভিযানিক দল দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে গভীর রাতে অভিযান এলাকায় পৌঁছায়। দলটি সন্ত্রাসী আস্তানার কাছাকাছি পৌঁছালে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সন্ত্রাসী দলের গুলিবিনিময় হয়। গুলিবিনিময়ের এক পর্যায়ে সন্ত্রাসীরা তাদের আস্তানা ছেড়ে পালিয়ে যায়। পরে সন্ত্রাসীদের আস্তানায় তল্লাশি চালিয়ে দুইটি রাশিয়ান এসএমজি, তিনটি ম্যাগজিন, ১২ রাউন্ড এসএমজির গুলি, তিন রাউন্ড পিস্তলের গুলি, একটি ছুরি, ১০০ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম আফিম, এক বোতল দেশীয় মদ, একটি সোলার চার্জার ও একটি কমব্যাট ব্যাগ উদ্ধার করা হয়। —আইএসপিআর