মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর পুরাতন বাস স্টেশনের উত্তর পাশের অবৈধ দখলদারদের কবল থেকে প্রায় শত কোটি টাকা মূল্যের ৩৫ শতাংশ সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়।
গতকাল বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার মো. সাখাওয়াত হোসেন জানান, গত মঙ্গলবার মির্জাপুর উপজেলা প্রশাসন, টাঙ্গাইল জেলা পরিষদের কর্মকর্তাগণ, র্যাব-১২ টাঙ্গাইল ও মির্জাপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছদ করে সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়।
জানা গেছে, মির্জাপুর পুরাতন বাস স্টেশন সংলগ্ন উত্তর পাশের প্রায় ৫০ শতাংশ জমির মালিক ছিলেন সড়ক ও জনপথ বিভাগ। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সহায়তায় এখানে একটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, পৌর সুপার মার্কেট ও ফুলকুড়ি শিশু নিকেতনের জন্য জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসক এবং সড়ক ও জনপথ বিভাগের নিকট অনুরোধ করে। জেলা প্রশাসক এবং সড়ক ও জনপথ বিভাগ উক্ত প্রতিষ্ঠানগুলোকে জমি বরাদ্দ প্রদান করে। জমি বরাদ্দের পরও স্থানীয় একটি মহল উক্ত সম্পত্তি দীর্ঘদিন ধরে জবর দখল করে ব্যবসা চালিয়ে আসছিল। প্রশাসনের পক্ষ থেকে তাদের উচ্ছেদের জন্য বিভিন্ন সময় নোটিশ ও অনুরোধ করা হলেও তারা জমি ছেড়ে দেয়নি।
এদিকে টাঙ্গাইল জেলা প্রশাসকের নির্দেশে গত মঙ্গলবার সকাল থেকে টাঙ্গাইল জেলা পরিষদের সহকারী প্রকীেশলী মো. আব্দুল মোমেন, উপ সহকারী প্রকৌশলী মি. চয়ন কুমার চক্রবর্তী, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজগর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, সার্ভেয়ার মো. সাখাওয়াত হোসেন, র্যাব-১২ টাঙ্গাইল ও মির্জাপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজগর হোসেন বলেন, উদ্ধারকৃত সম্পত্তি মির্জাপুর পৌরসভার নামে একটি পৌর সুপার মার্কেট, জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ ও শিশুদের শিক্ষার জন্য একটি ফুলকুড়ি শিশু নিকেতন এবং আরো কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করা হবে।
