সংবাদ সংক্ষেপ

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২২:১০

চাঁদপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরে প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নে গতকাল বুধবার হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘অ্যাকটিভ মাদার্স ফোরাম-এর ভূমিকা ও করণীয়’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি অধ্যক্ষ মোশারফ হোসেন। বক্তব্য রাখেন সনাক পরিচালক ফারহানা ফেরদৌস, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, শিক্ষা অফিসার নাজমা বেগমসহ ঢাকা, কুমিল্লা থেকে আগত সনাক নেতৃবৃন্দ। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শিক্ষার মানোন্নয়নে জেলা শিক্ষা অফিসের কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে সনাকের উদ্যোগে চাঁদপুর জেলায় এই প্রথম জেলার এক হাজার ১৫৫টি প্রাথমিক বিদ্যালয়ে এলাকার মা’দের নিয়ে অ্যাকটি মাদার্স ফোরাম কমিটি গঠন করা হয়েছে।

গোপালগঞ্জে বিশ্বশুক সেবাশ্রম সংঘের উদ্যোগে কম্বল বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে শ্রী শ্রী শুকদেব ব্রহ্মচারীর প্রতিষ্ঠিত বিশ্বশুক সেবাশ্রম সংঘের উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার গুয়াধানা উত্তরপাড়া সার্বজনীন রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গণে দুইশত শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেয়া হয়। গোপালগঞ্জ বিশ্বশুক সেবাশ্রম সংঘের সভাপতি স্বামী গোলকানন্দ গিরি মহারাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ভারতের বিশ্বশুক সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক সুরঞ্জন মহারাজ, সেবাশ্রম সংঘের সহ-সভাপতি লক্ষণ ব্রহ্মচারী, সহ-সাধারণ সম্পাদক নিহার ব্রহ্মচারী ও কোষাধ্যক্ষ তুষার ব্রহ্মচারী প্রমুখ।

জাতীয় বিজ্ঞান মেলা উদ্বোধন

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা বুধবার বাগমারায় দুই দিনব্যাপী ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম ওয়াহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমিত প্রমুখ।

বাঘায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা

বাঘা (রাজশাহী) সংবাদদাতা বাঘায় বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের মনোযোগী ও উদ্ভাবনী মেধা বিকাশে আকৃষ্ট করার লক্ষ্যে বুধবার শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা। উপজেলার বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষক আশরাফুল ইসলাম বাবুল এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ৫১টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী।