সংযুক্ত আরব আমিরাতের নেভাল ফোর্স কমান্ডার রিয়ার এডমিরাল শেখ সাঈদ বিন হামদান বিন মুহাম্মদ আল নাইয়ান গতকাল বুধবার নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল আবু মোজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীর সঙ্গে বনানীস্থ নৌসদর দপ্তরে সৌজন্য সাক্ষাত্ করেছেন। আমিরাতের নেভাল ফোর্স কমান্ডার নৌসদরে এসে পৌঁছলে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন তাকে স্বাগত জানান। এসময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ কথা জানানো হয়। নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী সংযুক্ত আরব আমিরাতের কমান্ডার নেভাল ফোর্সের সাথে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ সফরের জন্য রিয়ার এডমিরাল শেখ সাঈদ বিন হামদান বিন মুহাম্মদ আল নাইয়ানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তিনি বন্ধুপ্রতিম দুই দেশের সম্পর্কের কথা উল্লেখ করে এ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
