লাউয়াছড়ায় বিপুল পরিমাণ গাছ কেটে ফেলেছে চোরচক্র

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২২:২৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্যপ্রাণী বিচরণকৃত এলাকা থেকে এগারোটি গাছ ও হাজারো গল্লাবেত কর্তন করেছে চোরচক্র। বন্যপ্রাণী বিভাগ গল্লাবেতের ৩০টি বান্ডিল ও গাছের কিছু খণ্ডাংশ উদ্ধার করছে। গত এক সপ্তাহে মাগুরছড়া এলাকার মুজিবের উঠনি নামক টিলার একই স্থান থেকে গাছ ও বেত কর্তনের ঘটনা ঘটে। বিভিন্ন সময়ে বনের গাছ, বাঁশ ও বেত চুরির ফলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, জাতীয় উদ্যানের মধ্যদিয়ে প্রবাহিত ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়া এলাকার মুজিবের উঠনি নামক টিলার একই স্থানের ঝোঁপঝাড় থেকে প্রায় হাজারো গল্লাবেত কর্তন করা হয়েছে। বন্যপ্রাণী বিভাগ খবর পেয়ে চোরাই ৩০ বান্ডিল গল্লাবেত উদ্ধার করেছে। গত এক সপ্তাহ ধরে বনের টিলার ঐ একই স্থান থেকে দুই তিন দফায় ১১টি গাছ কেটে ফেলে। মেহগনি, চিকরাশিসহ কয়েকটি প্রজাতির ৯টি গাছ কেটে খণ্ড করে চোরচক্র পাচার করে। সর্বশেষ একই স্থান থেকে রবিবার দিবাগত রাতে আরো দু’টি গাছ কেটে ফেলে চোর দল। তবে চোরদল ঐ গাছ নিতে পারেনি।