ডিস ব্যবসার বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার বিকালে ও রাতে দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও পৌর কাউন্সিলরসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় বিল্বগ্রাম বাজারে রাতে মোতায়েন করা হয়েছে পুলিশ।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, ডিস ব্যবসা নিয়ে সম্প্রতি গৌরনদী উপজেলা যুবলীগ নেতা পিন্টু গুহ গ্রুপ ও গৈলা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জামাল গোমস্তা গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে মঙ্গলবার বিকালে আগৈলঝাড়া উপজেলার পতিহার গ্রামের ডিস ব্যবসায়ী মৃত্যুঞ্জয় সরকার ও লক্ষণ দে’র ডিস ব্যবসার সঞ্চালন লাইন কেটে দেয় জামাল গোমস্তা, সাবেক পৌর কাউন্সিলর ফিরোজ রহমানসহ তাদের লোকজন।
হামলা-পাল্টা হামলায় গৈলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল গোমস্তা, গৌরনদী পৌরসভার সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা ফিরোজ রহমান ও প্রতিপক্ষ গ্রুপের মৃত্যুঞ্জয় সরকার ও লক্ষণ দে, দীপালী দে, কল্পনা দে, কল্যাণী দে, বাড়িতে কাজ করা কাঠ মিস্ত্রী বিভূতি হালদার, বিপুল গাইন আহত হয়।
একই দিন রাতে প্রতিপক্ষ জামাল গোমস্তার লোকজন গৈলা ইউনিয়নের সাবেক সদস্য সাইফুল ইসলাম দরবেশকে বিল্বগ্রাম এলাকায় কুপিয়ে জখম করে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ যুবলীগ নেতা টুিট শিকদার, সুজিত দাস ও সুমন গোমস্তাকে আটক করে।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান ও আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
